সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আ. লীগের ‘প্রোপাগান্ডা পেজের’ পোস্টের সঙ্গে দুদকের অভিযোগের মিল, যা বললেন আসিফ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ পিএম আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত
expand

নিয়োগ-পদায়ন, বদলি ও পদোন্নতি বাণিজ্য থেকে শুরু করে টেন্ডার ও উন্নয়ন প্রকল্পে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম এবং চার দেশে অর্থ পাচারের অভিযোগ উঠেছে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে। এসব অভিযোগের বিষয়ে নতুন করে অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

এ অনুসন্ধানে উঠে আসা অভিযোগের সঙ্গে প্রায় সাত মাস আগে কার্যক্রম নিষিদ্ধ ‘আওয়ামী লীগ-সমর্থিত পেজ হিসেবে পরিচিত ‘দৈনিক আজকের কণ্ঠ’- এর ফেসবুক পেজ থেকে প্রকাশিত পোস্টের মিল পাওয়া যাচ্ছে’- এ প্রসঙ্গ টেনে ‍ইতোমধ্যে বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) এ নিয়ে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রতিক্রিয়া জানিয়েছেন আসিফ মাহমুদ। তিনি ওই ফেসবুক পেজকে আওয়ামী লীগের ‘প্রোপাগান্ডা পেজ’ হিসেবে উল্লেখ করে তার বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন।

পোস্টে আসিফ মাহমুদ বলেন, ‘আওয়ামী লীগের ওই ‘প্রোপাগান্ডা পেজে’ তার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের যে অভিযোগ তোলা হয়েছিল, দুদকের বর্তমান অনুসন্ধানের অভিযোগের সঙ্গে তার মিল রয়েছে।’ এ বিষয়ে তিনি সন্ধ্যায় ফেসবুক লাইভে বিস্তারিত কথা বলবেন বলেও জানান।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুদকের প্রকাশিত তথ্যে জানা গেছে, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১৩ হাজার কোটি টাকার আর্থিক অনিয়ম এবং দুবাই, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া ও সুইজারল্যান্ডে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধান করছে সংস্থাটি।

অভিযোগ অনুযায়ী, দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের কথা বলা হয়েছে।

চার দেশের এই অঙ্ক যোগ করলে মোট অর্থ পাচারের পরিমাণ দাঁড়ায় ১১ হাজার কোটি টাকা।

অন্যদিকে, গত ১১ ফেব্রুয়ারি ‘দৈনিক আজকের কণ্ঠে’- এর ফেসবুক পেজে আসিফ মাহমুদের বিরুদ্ধে একই চার দেশে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ তোলা হয়েছিল। ওই পোস্টেও দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি, সিঙ্গাপুরে ৩ হাজার কোটি, অস্ট্রেলিয়ায় ২ হাজার কোটি এবং সুইজারল্যান্ডে ১ হাজার ৫০০ কোটি টাকা পাচারের কথা উল্লেখ করা হয়।

ওই পোস্টে আরও দাবি করা হয়েছিল, পাচার করা অর্থ দিয়ে দুবাইয়ে বিলাসবহুল ভিলা ও ফ্ল্যাট কেনা, সিঙ্গাপুরে ব্যবসায় বিনিয়োগ, অস্ট্রেলিয়ায় বাড়ি ও হোটেল কেনা এবং সুইজারল্যান্ডের ব্যাংকে অর্থ রাখা হয়েছে।

এদিকে ওই ফেসবুক পোস্টের সঙ্গে প্রায় আট মাস পর দুদকের বর্তমান অনুসন্ধানের অভিযোগের মিল পাওয়ায় বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে তুমুল আলোচনা-সমালোচনা। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রশ্ন তুলছেন, আগে প্রকাশিত ওই অভিযোগের সঙ্গে দুদকের বর্তমান অনুসন্ধানের এতটা মিল কীভাবে হলো।

রোববার ওই পোস্টটি সামনে এনে এর কমেন্টে একজন লিখেছেন, ‘প্রোপাগান্ডা ফেসবুক পেজ ‘আজকের কণ্ঠ’ গত ফেব্রুয়ারিতে প্রথম আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ আনে কারও বক্তব্য এবং ন্যূনতম তথ্যসূত্র ছাড়া। সেটা হুবহু পড়ে শুনিয়ে দুদক আট মাস পর এসে সেটা অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে।’

এদিকে দুদকের বর্তমান অনুসন্ধানে অর্থ পাচারের পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের সময় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডার থেকে ১০ থেকে ৩০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন টেন্ডার বাণিজ্যের সঙ্গে তার সংশ্লিষ্টতার অভিযোগও রয়েছে।

প্রায় সাত মাস আগে প্রকাশিত ওই ফেসবুক পোস্টেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্পে কমিশন, উন্নয়ন প্রকল্পের ব্যয় বাড়ানো, নিয়োগ ও বদলি বাণিজ্য এবং ঠিকাদারি নিয়ন্ত্রণের অভিযোগ করা হয়েছিল। শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রকল্পের ব্যয় বাড়ানোর অভিযোগও সেখানে উল্লেখ ছিল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank