

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলের ক্যান্টিনকর্মী রিপন শেখের স্ত্রী লিপি খাতুন জরায়ু ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অর্থের অভাবে যখন তাঁর অপারেশন অনিশ্চিত হয়ে পড়েছিল, তখন মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলকর্মী শাকিল দেওয়ান।
নিজের অর্থের পাশাপাশি শুভাকাঙ্ক্ষীদের কাছ থেকে সহায়তা নিয়ে এখন পর্যন্ত প্রায় ৪০-৫০ হাজার টাকা সংগ্রহ করেছেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে লিপি খাতুনের জরায়ু ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত অপারেশন প্রয়োজন হলেও অর্থের সংকটে তা করাতে পারছিলেন না তাঁর স্বামী রিপন শেখ। বর্তমানে লিপি খাতুন ঢাকার মিরপুরের ইবনে সিনা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অপারেশনের জন্য প্রায় ৬০-৭০ হাজার টাকা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবারের সদস্যরা।
রিপন শেখ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলের ক্যান্টিনে কর্মরত। স্বল্প আয়ের এই কর্মী স্ত্রী ও সন্তানকে নিয়ে রাজশাহী নগরীর কাটাখালি এলাকায় বসবাস করেন। স্ত্রীর চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম দুশ্চিন্তায় পড়েন তিনি।
রিপন শেখ বলেন, ‘প্রায় এক মাস ধরে আমার স্ত্রী জরায়ু ক্যান্সারে আক্রান্ত। কিন্তু টাকার অভাবে অপারেশন করাতে পারছিলাম না। বর্তমানে আমার স্ত্রী ঢাকার মিরপুর ইবনে সিনা হাসপাতালে ভর্তি আছেন। শাকিল মামা নিজে এবং অন্যদের কাছ থেকে প্রায় ৪০-৫০ হাজার টাকা ব্যবস্থা করে দিয়েছেন। আরও কয়েকজন সহযোগিতা করবেন বলে জানিয়েছেন। তারা টাকা দিলে আমি ঢাকায় গিয়ে আমার স্ত্রীর অপারেশন করাব।’
তিনি আরও বলেন, ‘শাকিল মামারা আমার পাশে থাকায় আমি সাহস পাচ্ছি। অপারেশনের পরও যদি টাকা-পয়সার প্রয়োজন হয়, তখনও সহযোগিতা করবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন। আল্লাহ মামাদের ভালো রাখুক।’
শাকিল দেওয়ান বলেন, ‘হঠাৎ একদিন জানতে পারি, বিজয়-২৪ হলের ক্যান্টিনের কর্মচারী রিপন ভাইয়ের স্ত্রী ক্যান্সারে আক্রান্ত। বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই তাঁর সঙ্গে যোগাযোগ করি এবং বিভিন্ন শুভাকাঙ্ক্ষীকে বিষয়টি জানাই। সবার সম্মিলিত সহযোগিতায় তাঁর চিকিৎসা চালিয়ে নেওয়ার চেষ্টা চলছিল।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে জানতে পারি, প্রয়োজনীয় অর্থের ঘাটতি থাকায় তাঁর অপারেশন আটকে আছে। একজন মানুষের জীবন ও চিকিৎসার বিষয়টি বিবেচনা করে মানবিক দায়বদ্ধতা থেকেই তাঁর অপারেশনের সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করি।’
শাকিল বলেন, ‘বিপদে মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। রিপন ভাইয়ের স্ত্রীর চিকিৎসা যেন অর্থের অভাবে বন্ধ না হয়ে যায়, সে জন্য আমার জায়গা থেকে যতটুকু সম্ভব সহযোগিতা করার চেষ্টা করছি। অপারেশনের পরও প্রয়োজন হলে তাঁর চিকিৎসায় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করব।’


