মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রাকসু জিএস আম্মারের ওপর হামলার অভিযোগ

রাবি প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম আপডেট : ২৭ জুলাই ২০২৬, ০৬:২৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে কথিত এক ছাত্রলীগ কর্মীকে মারধরের পর পুলিশের কাছে সোপর্দ করাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই ঘটনার জেরে কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মারের ওপর হামলার অভিযোগও উঠেছে।

সোমবার (২৭ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, এক ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমানের সঙ্গে অসৌজন্যমূলক ও আপত্তিকর আচরণ করেন।

উপস্থিত শিক্ষার্থীদের দাবি, পরে ওই ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী হিসেবে শনাক্ত করা হয়। এ ঘটনার প্রতিবাদ জানাতে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার ও কয়েকজন সাধারণ শিক্ষার্থী এগিয়ে গেলে উভয় পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে অভিযুক্ত ব্যক্তিকে মারধর করা হয়। পরে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনার কিছুক্ষণ পরই ক্যাম্পাসে সালাহউদ্দিন আম্মারের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন তার অনুসারীরা। হামলায় রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক নাজমুস সাকিবও আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুরোধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, ‘ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি বরদাশত করা হবে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন