বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীকে মারধরের ঘটনায় দুই ছাত্রদল নেতা বহিষ্কার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ০৩:৪৮ এএম আপডেট : ২২ জুলাই ২০২৬, ০৫:৩১ এএম
বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা। ছবি: সংগৃহীত
expand
বহিষ্কৃত দুই ছাত্রদল নেতা। ছবি: সংগৃহীত

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) হলের খাবারের মান নিয়ে মন্তব্য করায় এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রদল নেতাকে চার সেমিস্টারের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বহিষ্কৃত এই দুই শিক্ষার্থী আগামী দুই বছর ক্যাম্পাসে প্রবেশ বা অবস্থান করতে পারবেন না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) রাত ১০টায় অনলাইনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যোগাযোগ সম্পাদক হাসিবুর রহমান এবং পরিসংখ্যান বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের শাখা সহদপ্তর সম্পাদক তারেক রহমান। তারা শাহপরান হলের আবাসিক শিক্ষার্থী।

বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক জহির বিন আলম জানান, তদন্ত কমিটি ও শৃঙ্খলা কমিটির সুপারিশ বহাল রেখে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট অভিযুক্ত দুজনকে চার সেমিস্টার বহিষ্কার এবং আগামী দুই বছরের জন্য ক্যাম্পাসে অবস্থান ও প্রবেশ নিষিদ্ধ করেছে।

তিনি আরও বলেন, দুই বছর পর সাজা শেষে তারা নিয়মিত শিক্ষার্থী হিসেবে ফেরার সুযোগ পেলেও পরবর্তীতে কোনো আবাসিক হলে সিট পাবেন না। এ ছাড়া ভুক্তভোগী শিক্ষার্থীর শারীরিক ও মানসিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তার যাবতীয় চিকিৎসা ব্যয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বহন করবে বলে সিন্ডিকেটে সিদ্ধান্ত হয়েছে।

এর আগে ক্যান্টিনের খাবারের মান নিয়ে হলের হোয়াটসঅ্যাপ গ্রুপে অসন্তোষ প্রকাশ করায় গত শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সমাজবিজ্ঞান বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খাইরুল খন্দকারকে মারধরের অভিযোগ ওঠে। খাইরুল শাহপরাণ হলের আবাসিক শিক্ষার্থী। আহত অবস্থায় তাকে সিলেট নগরীর একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দুজনকে দলীয় পদ থেকেও বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন