বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

র‍্যাগিংয়ের অভিযোগে জাবির ৮ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

জাবি প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০৫:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জুনিয়র ব্যাচকে র‍্যাগিংয়ের অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের ৮ শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২১ই জুলাই) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়– গত ২০ই জুলাই, ২০২৬ তারিখ দিবাগত রাত ১০টা থেকে ৩টা পর্যন্ত পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪তম ব্যাচের কয়েকজন শিক্ষার্থী একই বিভাগের ৫৫তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের শের-ই-বাংলা এ কে ফজলুল হক হলের পশ্চিম পাশে (মনপুরা) জড়ো করে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অশালীন আচরণ করেন। এ ধরনের আচরণকে র‍্যাগিং হিসেবে বিবেচনা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী অভিযুক্তদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাময়িকভাবে বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— মোঃ ফজলে হাসান ফাহাদ (মওলানা ভাসানী হল), মোঃ আল-আমিন হোসাইন (মওলানা ভাসানী হল), মোঃ জাহিদ হাসান (মওলানা ভাসানী হল), মোঃ ফয়সাল আহমেদ (মওলানা ভাসানী হল), মোঃ মাহমুদুল হাসান খান আকিব (জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল), মোঃ মাহমুদুল আমিন সিয়াম (শহীদ রফিক-জব্বার হল), মোঃ মোস্তাফিজুর রহমান (শহীদ সালাম-বরকত হল) ও সৈয়দ সাকিব আহমেদ রাতুল (শহীদ সালাম-বরকত হল)। তারা প্রত্যেকেই বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের ৫৪ ব্যাচের শিক্ষার্থী।

আদেশে আরও উল্লেখ করা হয়– বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ অনুযায়ী ক্যাম্পাসের কোনো হল, বিভাগ বা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে টিজিং, র‍্যাগিং কিংবা নির্যাতনমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ।

অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে এ সাময়িক বহিষ্কারের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি নিয়ে পরবর্তী তদন্ত ও বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন