বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
জামায়াত এমপির ভিডিও ভাইরাল

বায়োডাটায় মরিয়ম ‘অবিবাহিত’

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ০২:৫৭ পিএম আপডেট : ২১ জুলাই ২০২৬, ০৪:১২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা ও সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত দ্বিতীয় বিয়ে নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে একটি বায়োডাটাকে ঘিরে। এনপিবির হাতে আসা মরিয়ম খাতুনের একটি বায়োডাটায় তার বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ রয়েছে। অথচ গাজী নজরুল ইসলাম দাবি করেছেন, চলতি বছরের ১৭ জুন পারিবারিকভাবে মরিয়ম বেগমের সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে।

বায়োডাটাটিতে দেখা যায়, ২২ জুন তারিখে গাজী নজরুল ইসলামের স্বাক্ষর করা একটি সুপারিশ রয়েছে। স্বাক্ষরের ওপরে সবুজ কালিতে হাতে লেখা রয়েছে, ‘জোর সুপারিশ করছি’। ওই নথিতে মরিয়ম খাতুনের ব্যক্তিগত তথ্যের অংশে বৈবাহিক অবস্থা হিসেবে লেখা রয়েছে ‘অবিবাহিত’।

এদিকে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে গাজী নজরুল ইসলামকে ঘিরে আলোচনা শুরু হয়। তীব্র সমালোচনার মুখে তিনি এক বিবৃতিতে দাবি করেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী। একই সঙ্গে ভিডিও ফাঁসের ঘটনায় তিনি নিজের গাড়িচালককে দায়ী করেন।

গাজী নজরুল ইসলামের দাবি, গত ১৭ জুন তাঁর প্রথম স্ত্রী মাকসুদা বেগমের সম্মতিতে পারিবারিকভাবে মরিয়ম বেগমের সঙ্গে তাঁর বিয়ে সম্পন্ন হয়। তিনি বলেন, ভিডিওটি একটি ষড়যন্ত্রের অংশ এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও গোপনে ধারণ করে ছড়িয়ে দেওয়া হয়েছে।

এদিকে, গাজী নজরুল ইসলাম ও মরিয়ম বেগমের বিয়ের একটি কাবিননামার ছবিও সামনে এসেছে। ওই কাবিননামায় দেখা যায়, ৩ লাখ টাকা দেনমোহরে বিয়ে সম্পন্ন হয়েছে। এতে সাক্ষী হিসেবে মো. আবুল হোসেন ও বেগম মাকসুদা ইসলামের নাম রয়েছে।

গাজী নজরুল ইসলামের প্রথম স্ত্রী মাকসুদা ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, মরিয়ম খাতুনের সঙ্গে তাঁর স্বামীর বিয়ে পারিবারিকভাবেই হয়েছে। তিনি দাবি করেন, এ বিষয়ে যারা অপপ্রচার চালাচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মরিয়ম বেগমও এক ভিডিও বার্তায় নিজেকে গাজী নজরুল ইসলামের স্ত্রী দাবি করেন। তাঁর বক্তব্য, ছড়িয়ে পড়া ভিডিওটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রকাশ করা হয়েছে এবং এর মাধ্যমে তাঁর স্বামীর সম্মান ক্ষুণ্ন করার চেষ্টা করা হয়েছে।

মরিয়মের বাবা পরিচয়ে এক ব্যক্তি এক ভিডিও বার্তায় বলেন, ১৭ জুন তাঁর মেয়ের সঙ্গে গাজী নজরুল ইসলামের বিয়ে হয়েছে। ওই বিয়েতে দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেন।

গাজী নজরুল ইসলাম অভিযোগ করেন, ১৩ জুলাই রাজধানীর মগবাজারে দ্বিতীয় স্ত্রীর বাবার ব্যবসায়িক কার্যালয়ে অবস্থানের সময় তাঁর গাড়িচালক ও দ্বিতীয় স্ত্রীর মামা ওবায়দুল্লাহ কয়েকজন ব্যক্তিকে নিয়ে সেখানে আসেন। পরে তাঁদের জিম্মি করে টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।

তার দাবি, পারিবারিক বিরোধের জের ধরে ওবায়দুল্লাহ ব্যক্তিগত ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন।

তবে বায়োডাটায় বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ থাকা এবং বিয়ের দাবির মধ্যে যে অসঙ্গতি দেখা দিয়েছে, সে বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে এখন পর্যন্ত আলাদা কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন