সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুবিতে জুলাইয়ে আহত ৫ সাংবাদিককে সম্মাননা

কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ০২:৫৬ পিএম
expand
কুবিতে জুলাইয়ে আহত ৫ সাংবাদিককে সম্মাননা

২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে দায়িত্বশীল সাংবাদিকতা ও আহত হওয়ার স্বীকৃতিস্বরূপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) পাঁচ সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়েছে। একই অনুষ্ঠানে গণ-অভ্যুত্থানে আহত শিক্ষার্থী, আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী এবং স্থানীয় সহযোগীদেরও সম্মাননা জানানো হয়।

রোববার (১২ জুলাই) বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে ‘প্রতিরোধ দিবস’ উপলক্ষে আলোচনা সভা, স্মৃতিচারণ, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানে আহত ৩৫ জন শিক্ষার্থী, পাঁচজন সাংবাদিক, আন্দোলনে সহায়তাকারী আটজন স্থানীয় ব্যক্তি এবং অংশগ্রহণকারী আরও ২১ জন শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা পাওয়া সাংবাদিকরা হলেন দৈনিক নয়া দিগন্তের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. মানছুর আলম অন্তর, চ্যানেল আইয়ের সৌরভ সিদ্দিকী, দৈনিক আমাদের সময়ের অনন মজুমদার, দৈনিক যুগান্তরের সাঈদ হাসান এবং ক্যাম্পাস টাইমসের আল শাহরিয়ার।

'প্রতিরোধ দিবস' উদযাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ আমজাদ হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য ড. চৌধুরী সায়মা ফেরদৌস। প্রধান অতিথি ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সূচনালগ্নে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর সংঘটিত পুলিশি হামলার প্রতিবাদ এবং তাদের ঐতিহাসিক প্রতিরোধকে স্মরণীয় করে রাখতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের ১১০তম সভায় ১১ জুলাইকে আনুষ্ঠানিকভাবে ‘প্রতিরোধ দিবস’ হিসেবে ঘোষণা করা হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup