

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ‘জাবিয়ান ট্র্যাক’ নামে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্ম চালুর ঘোষণা দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। পর্যায়ক্রমে এই প্ল্যাটফর্মের আওতায় বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যাচ ও প্রশাসনিক কার্যক্রমও অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে অনুষ্ঠিত সিনেটের ৪৩তম বার্ষিক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন। উপাচার্যের সভাপতিত্বে জাতীয় সংগীত পরিবেশন এবং পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
উপাচার্য জানান, ‘জাবিয়ান ট্র্যাক’ প্ল্যাটফর্মের মাধ্যমে শিক্ষার্থীরা পরীক্ষা ব্যবস্থাপনা, ফলাফল ব্যবস্থাপনা, পরীক্ষার আবেদন, ফি পরিশোধ, প্রবেশপত্র ডাউনলোড, ফলাফল প্রকাশ এবং একাডেমিক অগ্রগতি পর্যবেক্ষণসহ বিভিন্ন কার্যক্রম ডিজিটালভাবে সম্পন্ন করতে পারবে। এছাড়া পর্যায়ক্রমে হল মডিউল, বিভাগীয় মডিউল, প্রশাসনিক সেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, প্ল্যাটফর্মটির সফল বাস্তবায়ন, পর্যবেক্ষণ ও পরীক্ষণের ভিত্তিতে ধাপে ধাপে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য ব্যাচকেও পূর্ণাঙ্গ অটোমেশন ব্যবস্থার আওতায় আনা হবে। একই সঙ্গে সাময়িক সনদপত্রের আবেদন, ট্রান্সক্রিপ্ট সংগ্রহ, সার্টিফিকেট ভেরিফিকেশন, মিডিয়াম অব ইনস্ট্রাকশন সংক্রান্ত আবেদন, সমাবর্তনের আবেদন, মূল সনদপত্র উত্তোলন এবং শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিভিন্ন প্রশাসনিক সেবাও পর্যায়ক্রমে ডিজিটাল প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) মনোনীত শিক্ষার্থী প্রতিনিধিদের সিনেটে অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের গণতান্ত্রিক ধারাবাহিকতায় নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। তবে এবারের সিনেট অধিবেশনে অংশগ্রহণের সুযোগ পেয়েও সদ্য নির্বাচিত জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম অংশ নিতে পারেননি।
বার্ষিক সিনেট সভায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি, প্রশাসনিক কর্মকাণ্ড, শিক্ষা ও গবেষণা কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং আর্থিক বিষয়াদি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া গত বছরের ২৮ জুন অনুষ্ঠিত সিনেটের ৪২তম বার্ষিক সভার কার্যবিবরণী অনুমোদন ও নিশ্চিতকরণের বিষয়টিও আলোচ্যসূচিতে অন্তর্ভুক্ত রয়েছে।
সভায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সিনেট সদস্য, মনোনীত প্রতিনিধি এবং সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।