

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ফিফা বিশ্বকাপ খেলা চলাকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে নিরাপত্তার স্বার্থে ক্যাম্পাসের প্রবেশপথগুলোতে যানবাহন চলাচলেও নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'ফিফা বিশ্বকাপ ২০২৬' উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত অতিথিদের প্রবেশে নিষেধাজ্ঞা এবং যানচলাচল ২৪ জুন থেকে নিয়ন্ত্রিত থাকবে। ফুটবল বিশ্বকাপ চলাকালীন বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশপথগুলো (শাহবাগ, দোয়েল চত্বর, বার্ন ইউনিট, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড, পলাশী মোড় ও নীলক্ষেত) দিয়ে যানচলাচলের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হবে।
এতে আরও বলা হয়, এ সময় কেবল ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি এবং জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, চিকিৎসক, রোগী, সংবাদকর্মী, রাইড শেয়ারিং, খাবার সরবরাহকারী গাড়ি, অনলাইন শপিং বাহনসহ অন্যান্য সরকারি গাড়ি) ক্যাম্পাসের ভেতরে প্রবেশের অনুমতি পাবে। তবে গণপরিবহন এবং ভারী যানবাহন চলাচলের ওপর আগের মতোই নিষেধাজ্ঞা বহাল থাকবে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সংশ্লিষ্ট অংশীজনদের মতামত, পরামর্শ এবং বাস্তব পরিস্থিতির ওপর ভিত্তি করে গৃহীত এই সিদ্ধান্ত সময়ে সময়ে পুনঃমূল্যায়ন করা হতে পারে।
সম্প্রতি ফিফা বিশ্বকাপ কেন্দ্র করে বড় পর্দায় খেলা দেখতে ক্যাম্পাসে মাত্রাতিরিক্ত লোকজনের উপস্থিতি বেড়েছে। শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে শৃঙ্খলা বজায় রাখা এবং শিক্ষার্থীদের ফুটবল উন্মাদনার মধ্যে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতেই এমন কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
