

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী বলেছেন, নিজের সর্বোচ্চ শ্রম ও আন্তরিকতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে চান তিনি। তাঁর ভাষায়, “আমি আমার সর্বোচ্চ দিয়ে এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে চাই।”
সোমবার নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির (নোবিপ্রবিরিইউ) সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় রিপোর্টার্স ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক গোলাম রব্বানী বলেন, নোবিপ্রবির সার্বিক পরিবেশ, শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সম্পর্কে জানতে তাঁর কিছুটা সময় লাগবে। “সবকিছুই আমার কাছে নতুন। সব বুঝে উঠতে একটু সময় লাগবে। তবে পরিবর্তন আনতে হবে, আর সেই পরিবর্তনের জন্য আমি পরিশ্রম করব,” বলেন তিনি।
উপাচার্য বলেন, পরিবার এখানে না থাকায় বিশ্ববিদ্যালয়ের জন্য আরও বেশি সময় দেওয়ার সুযোগ রয়েছে তাঁর। “২৪ ঘণ্টা শিক্ষার্থীদের জন্য সময় দেওয়ার একটা সুযোগ আছে। আমি সার্বক্ষণিক কাজ করতে চাই,” বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থান থেকে আরও এগিয়ে নিতে কাজ করা হবে।
সাংবাদিকদের উদ্দেশে অধ্যাপক গোলাম রব্বানী বলেন, “তোমরা আমাদের দর্পণ। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় তোমরাই তুলে ধরবে। তোমাদের কাছ থেকে আমি পরামর্শ চাইব। বিভিন্ন তথ্য জানালে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
সভায় নোবিপ্রবি রিপোর্টার্স ইউনিটির সদস্যরা ক্যাম্পাস সাংবাদিকতার বিভিন্ন দিক, সংবাদ সংগ্রহে প্রতিবন্ধকতা এবং শিক্ষার্থীদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় তুলে ধরেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক কার্যক্রম দেশব্যাপী তুলে ধরতে আরও কার্যকর ভূমিকা পালনের প্রত্যয় জানান তাঁরা।