

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ক্যাম্পাসে ছাত্রীকে ধর্ষণচেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে নতুন প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়েছেন শিক্ষার্থীরা।
রোববার (১৭ মে) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে জমায়েত হন শিক্ষার্থীরা। সকাল ১০টায় ভবনের ভেতরের ও প্রধান দুই ফটকে তালা ঝুলিয়ে অবস্থান কর্মসূচি শুরু করেন তাঁরা।
আন্দোলনকারীরা জানান, প্রশাসনিক ভবন অবরোধ থাকবে। তবে সাধারণ শিক্ষার্থীদের যেন ভোগান্তি না হয়, সেজন্য জরুরি কাজ থাকলে ভেতরে ঢুকতে দেওয়া হবে।
এর আগে শনিবার প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলমকে অবাঞ্ছিত ঘোষণা করে তাঁর কার্যালয়ে তালা দিয়েছিলেন শিক্ষার্থীরা।
অবরোধ সম্পর্কে আন্দোলনকারী নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী ফাহমিদা মুন বলেন, আমাদের ছয় দাবির প্রথমটি ছিল ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্ত গ্রেপ্তার না হলে পুরো প্রক্টোরিয়াল বডিকে পদত্যাগ করতে হবে। কারণ, বর্তমান প্রক্টর দায়িত্ব নেওয়ার পর ক্যাম্পাসে একের পর এক নেতিবাচক ঘটনা ঘটেছে। এই দায়ভার তাঁর।
তিনি আরও বলেন, ‘রেজিস্ট্রার ভবনে তালা দেওয়া থাকবে। উনারা আমাদেরকে এসে নিশ্চিত করে যাবেন আর কত ঘণ্টা সময় লাগবে ধর্ষককে ধরতে। প্রশাসন যতক্ষণ পর্যন্ত না আমাদেরকে এটা নিশ্চিত করে দিয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকব।’
নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী আদৃতা রায় বলেন, পুরো ঘটনা নিয়ে প্রশাসনের যে ধরনের বিবেচনাবোধ বা দায়িত্ববোধ দেখানোর কথা ছিল, তার বিন্দুমাত্র তারা দেখাচ্ছে না।
উপাচার্যকে জিজ্ঞেস করলে তিনি কোনো আপডেট জানাতে পারেন না। তিনি কেবল বলেন অগ্রগতি হচ্ছে, কিন্তু কী অগ্রগতি হচ্ছে-সেটা জানাতে পারেন না।
প্রসঙ্গত, গত ১২ মে রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ফজিলাতুন্নেসা হল ও আল-বেরুনী হলের সম্প্রসারিত অংশসংলগ্ন এলাকায় এক ছাত্রীকে ঝোপে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ ওঠে এক অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে।
পরদিন সকালে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার ডেপুটি রেজিস্ট্রার মো. জেফরুল হাসান চৌধুরী বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে আশুলিয়া থানায় ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার মামলা করেন।
এ ঘটনার পর থেকেই শিক্ষার্থীরা নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থতার অভিযোগ তুলে প্রক্টরের পদত্যাগসহ ছয় দফা দাবিতে ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে যাচ্ছেন।