রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৮:২৭ এএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

হবিগঞ্জ সদর উপজেলার ধুলিয়াখাল বাইপাস সড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত সাড়ে ৯টার দিকে ধুলিয়াখাল এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার সুলতান মাহমুদপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫০) ও তার ছেলে জাকির মিয়া (২১)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-ছেলে মোটরসাইকেলযোগে নিজ গন্তব্যে যাচ্ছিলেন। পথে ধুলিয়াখাল বাইপাস এলাকায় পৌঁছালে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বিকল ট্রাকের পেছনে তাদের মোটরসাইকেল সজোরে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করে।

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন