রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

‘অপরাধী এখনো ধরা পড়েনি কেন?’-উপাচার্যের জবাব চেয়ে জাবি শিক্ষার্থীদের অবরোধ

জাবি প্রতিনিধি
প্রকাশ : ১৭ মে ২০২৬, ০১:৩৯ পিএম
প্রশাসনিক ভবন অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা
expand
প্রশাসনিক ভবন অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নারী শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার ঘটনার প্রতিবাদে চলমান আন্দোলনের ধারাবাহিকতায় প্রশাসনিক ভবন অবরোধ করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

রোববার (১৭ মে) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি শুরু করেন তারা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ঘটনার এতদিন পেরিয়ে গেলেও এখনো অভিযুক্তকে গ্রেফতার করা হয়নি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট অগ্রগতি জানতে তারা উপাচার্যের উপস্থিতি দাবি করছেন।

শিক্ষার্থীদের একজন বলেন, আমরা চাই উপাচার্য এখানে এসে আমাদের জানাবেন তদন্ত ও গ্রেফতার কার্যক্রম কতদূর এগিয়েছে। কেন এত দীর্ঘ সময় লাগছে এবং আর কত সময় লাগতে পারে, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

প্রক্টরের পদত্যাগ দাবি এখনো বহাল আছে কি না-এমন প্রশ্নের জবাবে আন্দোলনকারীরা জানান, তারা ইতোমধ্যে প্রক্টরকে অবাঞ্ছিত ঘোষণা করেছেন। তবে বর্তমান কর্মসূচির মূল দাবি হলো উপাচার্যের উপস্থিতি ও ঘটনার অগ্রগতির বিষয়ে স্পষ্ট আপডেট।

রেজিস্ট্রার ভবন অবরোধের কারণে শিক্ষার্থীদের সেবা গ্রহণে কোনো সমস্যা হচ্ছে কি না জানতে চাইলে আন্দোলনকারীরা বলেন, সাধারণ শিক্ষার্থীদের প্রবেশ ও প্রস্থান এবং জরুরি সেবা গ্রহণে তারা বাধা দিচ্ছেন না। তবে ভবনের ভেতরে অবস্থানরত কর্মকর্তাদের বের হতে দেওয়া হচ্ছে না এবং নতুন করে কোনো কর্মকর্তাকেও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

তারা আরও জানান, উপাচার্য এসে সার্বিক পরিস্থিতি ও তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত জানালে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এবং সে অনুযায়ী অবরোধ কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি বিবেচনা করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন