বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৭:৪৪ পিএম
অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন
expand
অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ৮ম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।

মঙ্গলবার (১৪ মে ২০২৬) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ‘জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, উপাচার্য পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে আগামী ৪ (চার) বছর অথবা অবসর গ্রহণের তারিখ-এর মধ্যে যা পূর্বে ঘটে সেই সময় পর্যন্ত হবে। দায়িত্ব পালনকালে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাঁকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. সুলতান আহমেদ।

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন এর আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ একাডেমিক জীবনে তিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। এ ছাড়া তিনি জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবেও দায়িত্ব পালন করেন। বিশ্ববিদ্যালয় প্রশাসন, গবেষণা কার্যক্রম পরিচালনা এবং নতুন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাঠামো গঠনে তার ভূমিকা উল্লেখযোগ্য।

এর আগে বিশ্ববিদ্যালয়টিতে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. মো. জাহাঙ্গীর আলম।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন