বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জোকার সাজে শেষ ক্লাস, নোবিপ্রবি শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পিএম
নোবিপ্রবি শিক্ষার্থীরা
expand
নোবিপ্রবি শিক্ষার্থীরা

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডিএম) বিভাগের ১০ম ব্যাচের শিক্ষার্থীরা অনার্স জীবনের শেষ ক্লাসকে স্মরণীয় করে রাখতে ভিন্নধর্মী আয়োজন করেছেন। জোকারের সাজে সজ্জিত হয়ে তারা অংশ নেন শেষ ক্লাসে, যা ক্যাম্পাসে সৃষ্টি করে ভিন্নরকম এক আবহ।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিভাগে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা মুখে রঙিন মেকআপে জনপ্রিয় কাল্পনিক চরিত্র ‘জোকার’-এর আদলে নিজেদের উপস্থাপন করেছেন। তাদের এই ব্যতিক্রমী উপস্থিতি শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিনগুলোতে সাধারণত রঙ খেলা বা বিদায়ী আয়োজন দেখা গেলেও এই ব্যাচটি বেছে নিয়েছে ভিন্ন এক প্রতীকী উপস্থাপন। শিক্ষার্থীরা জানান, জোকার চরিত্রটি যেমন হাসির আড়ালে বেদনা লুকিয়ে রাখে, তেমনি তাদের বিশ্ববিদ্যালয় জীবনের শেষ মুহূর্তও আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতিতে ভরা।

শিক্ষার্থীদের ভাষ্য, পরিবেশ ও দুর্যোগ নিয়ে পড়াশোনা করতে গিয়ে তারা প্রতিকূলতার বিষয়টি কাছ থেকে উপলব্ধি করেছেন। সেই অভিজ্ঞতার প্রতিফলন হিসেবেই তারা জোকারের প্রতীকটি বেছে নিয়েছেন—যেখানে হাসিমুখে সংগ্রামকে মোকাবিলা করার বার্তা রয়েছে।

এ বিষয়ে শিক্ষার্থী আহমেদ সুরুর সামি বলেন, “শেষ দিনটিকে একটু ভিন্নভাবে স্মরণীয় করে রাখতে চেয়েছি। সামনে যে বাস্তব জীবনের চ্যালেঞ্জ আসবে, সেটিকে ইতিবাচকভাবে গ্রহণের প্রস্তুতির অংশ হিসেবেই এই আয়োজন।”

আরেক শিক্ষার্থী রাইয়ান মুহাম্মদ জুলকারনাইন বলেন, “শেষ ক্লাসটা আমাদের জন্য একসঙ্গে হাসি আর নীরব কষ্টের গল্প। জোকারের মাধ্যমে আমরা সেই অনুভূতিগুলো প্রকাশ করার চেষ্টা করেছি।”

শেষ ক্লাস শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছবি তোলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সেই ছবিগুলো ইতিমধ্যে প্রশংসা কুড়িয়েছে। বিদায়ের মুহূর্তে বন্ধুত্ব, স্মৃতি আর ভবিষ্যতের স্বপ্ন—সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে তাদের জীবনের এক বিশেষ অধ্যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন