

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘শহিদ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচারের দাবিতে শান্তিপূর্ণ অবস্থান’ কর্মসূচীতে নির্মমভাবে পুলিশী হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকালে বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিন শেষে ইবির প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-খুলনা মহাসড়কে অবস্থান নেয় শিক্ষার্থীরা।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, জাতিসংঘের অধীনে শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত প্রদান ও জড়িতদের বিচারের দাবিতে ২য় দিনের মতো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীগন। শুক্রবার বিকাল সাড়ে ৪টার দিকে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে সেই শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালায় পুলিশ। ইনকিলাব মঞ্চের দাবি অনুযায়ী হামলায় গুলিবিদ্ধ হয়েছেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন সদস্য। আহত হয়েছেন ডাকসুর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ফাতেমা তাসনিম জুমা ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার এবং আরও অনেকে।
উক্ত ঘটনার প্রতিবাদ জানিয়ে ইবি শিক্ষার্থীরা বলেন, “আজকের ঘটনা সম্পূর্ণ ফ্যাসিস্ট যুগের চিত্র; আমরা জানতে চাই ইন্টেরিম ও পুলিশ কার পারপাস সার্ভ করছে? একটি হত্যাকাণ্ডের বিচার না করে, বিচার চাওয়া কর্মীদের উপর হামলার উদ্দেশ্য কি? আজ হাদি হত্যার ৫০তম দিনে ইনকিলাব মঞ্চের পূর্ব নির্ধারিত কর্মসূচিতে, হাসিনার রেখে যাওয়া পুলিশ বাহিনী যে হামলা চালিয়েছে আমরা তার প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা তাদের হুশিয়ারি করে বলতে চাই, গুলি করে আপনারা শিক্ষার্থীদের দমাতে পারবেন না।”
তারা বলেন, “আইনের সঠিক ব্যাবহার এবং সন্ত্রাসীদের উপযুক্ত সময়ে সুষ্ঠু বিচার না করার কারণেই আজ শিক্ষার্থী ও জুলাই শক্তির উপর এমন নেক্কারজনক হামলার ঘটনা ঘটেছে।”
সবশেষে তারা আজকের ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তি প্রদান এবং ওসমান হাদি হত্যায় জড়িতদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির দাবি জানান।
মন্তব্য করুন
