

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক অ্যাবাকাস অলিম্পিয়াডে দুইটি গোল্ড মেডেল জিতে দ্রুততম গণিত সমাধানে বিশ্ব রেকর্ড করেছে শেরপুরের ঝিনাইগাতীর খুদে মেধাবী ইয়াসীন তাফসির অভি।
আন্তর্জাতিক অলিম্পিয়াড ফেডারেশনের এডুকেশন পার্টনার ব্রেইন স্কুলের আয়োজনে অনুষ্ঠিত ‘World’s Largest International Abacus Olympiad’-এ প্রায় ১৪টি দেশের দেড় হাজার প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতায় অভি ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ ও ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’—দুটি মর্যাদাপূর্ণ শিরোপা অর্জন করে। তার এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ‘বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস’ থেকেও বিশেষ সম্মাননা সনদ দেওয়া হয়েছে।
২০২৫ সালের ২১ ডিসেম্বর অনুষ্ঠিত প্রতিযোগিতার প্রথম পর্বে জুনিয়র লেভেলে অংশ নেয় অভি। সেখানে ‘চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন’ শিরোপা অর্জনের পর ২০২৬ সালের ২ মার্চ অনুষ্ঠিত চূড়ান্ত পর্বেও অসাধারণ ফলাফল করে ‘সুপ্রিম চ্যাম্পিয়ন’ হয় সে। দুই পর্বের সাফল্যে তার হাতে ওঠে দুটি গোল্ড মেডেল।
অভি অনলাইনে ‘এডুটিউন’ নামের একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অ্যাবাকাসের প্রশিক্ষণ নেয়। জুনিয়র লেভেল সফলভাবে শেষ করে বর্তমানে অ্যাডভান্স লেভেলে প্রশিক্ষণ নিচ্ছে। অ্যাবাকাসের পাশাপাশি স্পোকেন ইংলিশেও দক্ষতা অর্জন করেছে সে।
বর্তমানে ময়মনসিংহ নগরীর ক্যামব্রিজ মডেল স্কুলের দ্বিতীয় শ্রেণিতে পড়াশোনা করছে ইয়াসীন তাফসির অভি। সে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ইমরান হাসান রাব্বি ও ঝর্ণা আক্তার দম্পতির বড় ছেলে। তার বাবা ইমরান হাসান রাব্বি একজন গণমাধ্যমকর্মী এবং ডিবিসি নিউজের ময়মনসিংহ ব্যুরো চিফ হিসেবে কর্মরত।
অভির আন্তর্জাতিক সাফল্যে পরিবার ও স্থানীয়দের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দিয়েছে। পরিবারের প্রত্যাশা, এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে ভবিষ্যতে আরও বড় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে দেশের জন্য সম্মান বয়ে আনবে এই খুদে মেধাবী।


