বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

কোরবানি ঈদে জাল টাকা ছড়ানোর পরিকল্পনা করেছিলেন তারা

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৪ মে ২০২৬, ০৬:৪৮ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা আন্তঃজেলা জাল টাকা তৈরী চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার (১৪ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএমপি। এর আগে গতকাল বুধবার তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)-উত্তরা বিভাগ।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) দুপুরে উত্তরাপূর্ব থানাধীন সমবায় বাজার (বিডিআর) মার্কেটের সামনে থেকে মোঃ মজিবুর রহমানকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে চার লক্ষ জাল টাকা ও এবং জাল টাকা বিক্রির নগদ ৪০ হাজার টাকা উদ্ধার করা হয়।

পরবর্তীতে মজিবুরে দেওয়া তথ্যের ভিত্তিতে এদিন গাজীপুর মহানগর বাসন থানা এলাকায় অভিযান পরিচালনা করে দুলাল মৃধা ও মামুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের হেফাজত হতে আরও ৩০ লক্ষ জাল টাকা, জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ১টি ল্যাপটপ, ৩টি কালার প্রিন্টার, ১ রোল সোনালী রংয়ের ফয়েল পেপার, ২০০টি সিকিউরিটি ট্যাগ ও জলছাপ সম্বলিত সাদা কাগজ, ১০০ টি একপাশে ১০০০ টাকার প্রিন্ট করা কাগজ অপর পাশে সাদা, ২ লিটারের ২টি তরল জাতীয় গাম, ১টি কাটার এবং জলছাপ বসানোর ২টি ডাইস উদ্ধার করা হয়।

ডিবি উত্তরা বিভাগ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা জাল টাকা তৈরী চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে ঢাকা, নারায়নগঞ্জ, গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়। আসন্ন পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে বিভিন্ন পশুর হাট ও বিপনি বিতানে তাদের তৈরীকৃত জাল টাকাগুলো তাদের বিভিন্ন সহযোগীর মাধ্যমে বাজারে ছড়িয়ে দেয়ার পরিকল্পনা ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে উত্তরাপূর্ব থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন