সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভাইয়ের চিকিৎসায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান সাবেক ছাত্রদল নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৬:০৫ পিএম
হাসপাতালে চিকিৎসাধীন মো. মাসুদুর রহমান। ছবি: সংগৃহীত
expand

নিজে রাজনীতিতে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবু কাউকে কটূ কথা বলেননি; দলের দুঃসময়ে পাশে থাকা সেই মানুষটি আজ নিজের পরিবারের দুঃসময়ে সবার কাছে মানবিক সহযোগিতা চাইছেন।

একসময় চারপাশে ছিল রাজনৈতিক প্রতিকূলতা। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দাপট যখন তুঙ্গে, তখন সেই শক্তির বিপরীতে দাঁড়িয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে ছাত্রদল মনোনীত প্রার্থী হয়েছিলেন তিনি। রাজনীতির কঠিন সময়ে দলের পাশে থেকেছেন, নিজের জন্য মাশুলও দিয়েছেন। অথচ আজ সেই মানুষটির নিজের পরিবারই কঠিন এক পরীক্ষার মুখোমুখি।

তবে এবার তার একটিই চাওয়া- একটু মানসিক সমর্থন, কঠিন এই সময়ে পাশে থাকার আশ্বাস।

তার বড় ভাই মো. মাসুদুর রহমান স্বাস্থ্য বিভাগের মাঠপর্যায়ের একজন কর্মী। প্রায় এক মাস ধরে জটিল কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবনযুদ্ধ করছেন। নিয়মিত ডায়ালাইসিস চলছে। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করতে হচ্ছে। চিকিৎসকদের মতে, দীর্ঘমেয়াদি সমাধানের জন্য কিডনি প্রতিস্থাপনই এখন শেষ উপায়।

একদিকে অসুস্থ ভাইয়ের চিকিৎসা, অন্যদিকে প্রতিদিনের অনিশ্চয়তা, সব মিলিয়ে পরিবারটির দিন কাটছে গভীর উদ্বেগ আর উৎকণ্ঠায়। এই অবস্থায় নিজের রাজনৈতিক জীবনের একটি অধ্যায়ও যেন বারবার ফিরে আসছে তার মনে। দেশে আওয়ামী লীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের যখন রমরমা অবস্থা, তখন ক্ষমতাসীন দলের বিরুদ্ধে গিয়ে ছাত্রদলের প্রার্থী হিসেবে হল সংসদ নির্বাচনে অংশ নিয়েছিলেন নূরে আলম সিদ্দিকী জুয়েল। দলের দুঃসময়ে পাশে ছিলেন। রাজনীতির কারণে নিজে ক্ষতিগ্রস্ত হয়েছেন। বেশ কয়েকবার ছাত্রলীগের নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষকে হেয় করা কিংবা কাউকে কটূ কথা বলাকে কখনো রাজনীতির অংশ মনে করেননি।

পরবর্তী সময়ে রাজনীতি ছেড়ে পেশা হিসেবে বেছে নেন সাংবাদিকতাকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার প্রিয় দল বিএনপি ক্ষমতায় আসে। রাজনীতির সুসময়ে তিনি দলের কাছে যাননি কোন সুবিধার জন্য। কিন্তু আজ তিনি ক্ষমতাসীন দল এবং সরকারপ্রধানকে তার ভাইয়ের চিকিৎসার এই কঠিন সময়ে অন্তত মানসিকভাবে পাশে প্রত্যাশা করেন।

নূরে আলম সিদ্দিকী বলেন, ‘দলের দুঃসময়ের একজন সামান্য ও ক্ষুদ্রতম ব্যক্তি হিসেবে আমি ছিলাম। আমি আশা করি, দল এখন আমার পরিবারের পাশে দাড়াক। অসুস্থ ভাইয়ের চিকিৎসার লড়াইয়ে মানসিক শক্তি পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপসহ সংশ্লিষ্ট সবার মানবিক সহযোগিতা কামনা করছি।’

সবশেষে তিনি দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে তার বড় ভাইয়ের জন্য দোয়া চেয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank