শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২০ মার্চ ২০২৬, ৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

কলিংবেল বাজিয়ে ফ্ল্যাটে ঢুকেন তারা, অতঃপর...

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম আপডেট : ২০ অক্টোবর ২০২৫, ১০:৫৯ এএম
expand
কলিংবেল বাজিয়ে ফ্ল্যাটে ঢুকেন তারা, অতঃপর...

রাজধানী ঢাকার মিরপুরে একটি ফ্ল্যাট বাসায় দিনে-দুপুরে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে।

মুখে মাস্ক পরা কয়েকজন দুর্বৃত্ত কলিংবেল বাজিয়ে ফ্ল্যাটে প্রবেশ করে গৃহিণীকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১০০ ভরি স্বর্ণালংকার এবং নগদ ৩২ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১১টার দিকে মাজার রোডের ১ নম্বর কলোনির পার্টস ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহর বাসায় এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা গেছে, এক যুবক প্রথমে দরজায় কলিংবেল বাজান। গৃহকর্ত্রীর দরজা খোলার সঙ্গে সঙ্গে আরও দুজন তার সঙ্গে যুক্ত হয়ে বাসায় ঢুকে পড়ে। এরপর অস্ত্র দেখিয়ে গৃহিণীকে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলা হয়।

এরপর তারা আলমারি খুলে ব্যবসার জন্য সংরক্ষিত টাকা ও বিপুল পরিমাণ স্বর্ণালংকার লুট করে নেয়। এ সময় গৃহিণীর উপর শারীরিক নির্যাতনও চালানো হয়।

গৃহকর্মীর ভাষ্যমতে, স্থানীয় একটি ইন্টারনেট সার্ভিস কোম্পানির এক কর্মীর এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার সম্ভাবনা রয়েছে।

ব্যবসায়ী মোহাম্মদ উল্লাহ জানান, আমি সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে বাসা থেকে বের হই। এর ১৫ মিনিট পরই এই ঘটনা ঘটে। আমার স্ত্রী বাসায় একা ছিলেন।

ঘটনার পরপরই দারুস সালাম থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিব উল হোসেন জানান, ঘটনাটি সত্য। ভুক্তভোগীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় ১০০ ভরি স্বর্ণ ও ৩২ লাখ টাকা লুটের অভিযোগ পেয়েছি। আমরা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করছি এবং তিনজনকে দৃশ্যমানভাবে শনাক্ত করা গেছে।

তিনি আরও বলেন, “অপরাধীদের শনাক্ত ও আটকে পুলিশের একাধিক টিম কাজ করছে। দ্রুতই চক্রটি ধরা পড়বে বলে আমরা আশাবাদী। এ বিষয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”

এ ঘটনায় এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে, পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে স্থানীয়দের মধ্যে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন