শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল থেকে গ্রেপ্তার ১১ জন কারাগারে, শিশু উন্নয়ন কেন্দ্রে ৬

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১২:২৫ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১২ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে গ্রেপ্তার ১৭ জনের মধ্যে ১১ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে অপ্রাপ্তবয়স্ক ছয়জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুনানি শেষে এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, কারাগারে পাঠানো ১১ জন হলেন, মো. সুজন হোসেন (২৬), মো. নাসিম (২১), মো. আরিফুল ইসলাম (২১), মো. বিলাল হোসেন (২২), মো. ইব্রাহিম (৩৫), মো. তারেক (২০), সৈয়দ লিমন (১৯), মো. মনিরুজ্জামান শাওন (১৯), মো. নাছিম (২০), রবিউল ইসলাম (২০) ও মো. আলমগীর ইসলাম (২০)।

মামলার নথি অনুযায়ী, শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে পল্লবী থানার মিরপুর-১২ নম্বর এলাকায় মেট্রোরেলের ১৪০ নম্বর পিলারের পূর্ব পাশে নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা-কর্মী ব্যানার নিয়ে জড়ো হন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করে।

অভিযানের সময় একটি ব্যানার, কয়েকটি মোবাইল ফোন এবং একটি মাইক্রোবাস জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সরকারবিরোধী কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিলের প্রস্তুতি নেওয়ার অভিযোগে পল্লবী থানার এসআই সোহান মোল্লা বাদী হয়ে মামলা দায়ের করেন।

শুনানিতে তদন্ত কর্মকর্তা আদালতকে জানান, আসামিরা জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার পাশাপাশি তদন্ত কার্যক্রমে বিঘ্ন সৃষ্টি করতে পারেন। শুনানি শেষে আদালত ১১ জনকে কারাগারে পাঠানোর এবং ছয়জন অপ্রাপ্তবয়স্ককে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম এনপিবিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার এসআই সালাহউদ্দিন আল মামুন ১১ জন প্রাপ্তবয়স্ক আসামিকে কারাগারে আটক রাখার এবং ছয়জন অপ্রাপ্তবয়স্ককে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আবেদন করেন। আদালত উভয় আবেদনই মঞ্জুর করেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন