

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে ছিনতাইতারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গিয়ে আহত সোহেলী ইসলাম সোমা (৪২) মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তার মৃত্যু হয়।
ঈদের ছুটি কাটিয়ে ঢাকায় ফেরার পথে গত ৬ জুন ছিনতাইতারীর কবলে পড়েন সোমা। তিনি এসকেএফ ফার্মাসিউটিক্যালসের বিক্রয় কর্মকর্তা ছিলেন বলে জানিয়েছেন তার স্বজনরা।
নিহতের ফুফাতো ভাই সরোয়ার পারভেজ সবুজ জানান, দিনাজপুরের পার্বতীপুরে ঈদের ছুটি কাটিয়ে কলেজ পড়ুয়া মেয়েকে নিয়ে ঢাকায় ফিরছিলেন সোমা। ৬ জুন ভোরে বাস থেকে নেমে ব্যাটারিচালিত রিকশায় সেন্ট্রাল রোডের বাসায় ফিরছিলেন মা ও মেয়ে। পথে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজের সামনে মোটরসাইকেল আরোহী ছিনতাইকারীরা সোমার হাতব্যাগ ধরে টান দিলে তিনি রাস্তায় আছড়ে পড়েন, তার মাথা ঠুকে যায় সড়ক বিভাজকের সঙ্গে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সবুজ।
তিনি আরও জানান, পাবনার ঈশ্বরদীতে সোমাকে তার নানার বাড়িতে দাফন করা হয়েছে। তবে এই ঘটনায় শুক্রবার সকাল পর্যন্ত থানায় কোনও অভিযোগ করেননি। নিহতের ময়নাতদন্তও করা হয়নি।
এ বিষয়ে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন বলেন, এমন কোনও ঘটনার বিষয়ে তার থানা-পুলিশ অবগত নয়।
