

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন ঝিলমিল এলাকায় চার বছরের এক শিশুকে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান (২৬) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শনিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ঝিলমিল এলাকার একটি ভাড়া বাসায় এই ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃত শাহ পরান পটুয়াখালী জেলার শেখহাটি এলাকার হাবিবুল্লাহর ছেলে। সে বর্তমানে কেরানীগঞ্জের বেগুনবাড়ি এলাকায় সাহেব আলীর বাসায় ভাড়া থাকত। অন্যদিকে, ভুক্তভোগী শিশু মীম (৪) ভোলা জেলার চরফ্যাশন থানার নীলকুমার গ্রামের সোহেলের মেয়ে। তারা বর্তমানে ঝাউবাড়ি এলাকায় হাফেজ মিয়ার বাসায় ভাড়া থাকে।
র্যাব ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশু মীমকে একা পেয়ে চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ভাড়া বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা চালায় শাহ পরান। এ সময় বিষয়টি টের পেয়ে যান মো. রাকাত (৩৮) নামে স্থানীয় এক অটোরিকশা চালক। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি ওই এলাকায় টহলরত র্যাব-১০ এর একটি টিমকে জানান। খবর পেয়ে র্যাব সদস্যরা দ্রুত ঘটনাস্থলে অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করেন এবং ধর্ষক শাহ পরানকে হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এ বিষয়ে জানতে চাইলে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, র্যাব সদস্যরা আসামিকে আটক করে থানায় সোপর্দ করেছে। শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।