

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন গুলিবিদ্ধসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যার পর উপজেলার তারাবো বাজার এলাকার তারাবো উত্তরপাড়ায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারাব এলাকায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে শ্রাবণ ওরফে ‘কুত্তা শ্রাবণ’ ও রুবেল গ্রুপের সঙ্গে নাজমুল-নবী গ্রুপের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে গত বৃহস্পতিবার রাতে আধিপত্য নিয়ে দুই গ্রুপের লোকজনের মধ্যে বাকবিতণ্ডা সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ধাওয়া-পাল্টা ধাওয়া ও গোলাগুলি শুরু হয়। এ সময় দুই গ্রুপ একে অপরকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। পাশাপাশি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
সংঘর্ষে অন্তত ছয়জন আহত হন। এ সময় শ্রাবণ গ্রুপের রনি নামে এক যুবক গুলিবিদ্ধ হন। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন বাড়িঘর, দোকানপাট ও যানবাহনে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে। পাশাপাশি বাজারের কয়েকটি দোকানে লুটপাটের অভিযোগও পাওয়া গেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে রাতের দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা অভিযোগ করে জানান, তারাব এলাকায় শ্রাবণ ও নবী গ্রুপ সাধারণ মানুষের কাছে আতঙ্কের নাম। এই দুই গ্রুপের কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়াভাবে সন্ত্রাসী কার্যক্রম চালায়। ছিনতাই, হত্যা, ডাকাতিসহ নানা অপরাধে তারা জড়িত বলে অভিযোগ রয়েছে। তাদের ভয়ে সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না। এলাকাবাসী দ্রুত তাদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মাদক ব্যবসার নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।