রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাইক রাইডশেয়ার: ভাড়া ও ভোগান্তি দুটোই ঊর্ধ্বমুখী

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:০৭ পিএম আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ০৭:১০ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

প্রতিদিনের মতন আজও নুসরাত জাহান অফিসের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। তবে বিপত্তি সৃষ্টি হয় অফিসে যাওয়ার বাহন নিয়ে। প্রতিদিন যেখানে রাজধানীর মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড এলাকা থেকে কারওয়ান বাজার ১২০ টাকার মধ্যে রাইডশেয়ারের মোটরসাইকেল মেলে, আজ সেখানে ১৮০ টাকায়ও পাওয়া যাচ্ছে না। অবশেষে আধঘন্টারও বেশি সময় খোঁজ করে ২০০ টাকায় অফিসে পৌঁছান নুসরাত।

শুধু নুসরাতই নন, রাজধানীর বিভিন্ন এলাকায় একই চিত্র দেখা গেছে। অনেকে তো বাধ্য হয়ে বাসে, সিএনজি এবং রিকশায় গন্তব্যে পৌঁছান।

বৃষ্টি আকতার নামে এক নারী বলেন, ‘আমি রামপুরা থেকে টিকাটুলি রেগুলার রাইডশেয়ারের মোটরসাইকেলে যাতায়াত করি। প্রতিদিন ১৩০ টাকার মধ্যে যেতে পারলেও আজ ২০০ টাকায়ও পাইনি। অ্যাপস ছাড়া ২৫০ টাকাতে যেতে রাজি হননি বাইকাররা। পরে বাধ্য হয়ে সাড়ে তিনশ টাকা দিয়ে গিয়েছি।’

রাজধানীর যাযাত্রাবাড়ী, গুলিস্তান, শাহবাগ, পল্টন, গুলশান ও বনানীসহ প্রায় সব এলাকাতেই রাইডশেয়ার সংকট ও ভাড়া বৃদ্ধির অভিযোগ পাওয়া গেছে। বেশিরভাগ সময় বাইকাররা যাত্রী না পেয়ে বসে থাকতে দেখা গেছে। অনেকেই অ্যাপসের মাধ্যমে বাইকার না পেয়ে অফলাইনে দাম নিয়ে কথাবার্তা বলেও ভাড়া নির্ধারণ করতে পারছেন না।

শেয়ারিংয়ে মোটরসাইকেল চালানো আকবর বলেন, ‘অকটেনের দাম বেড়েছে। ঘন্টার পর ঘন্টা সময় পাড় হয়ে যায় তেল নিতে। এতো দিন আমরাও আগের ভাড়া নিয়েছি যাত্রীদের কাছে। কিন্তু আজ থেকে দেয়ালে পিঠ ঠেকে গেছে। বাধ্য হয়ে বাড়তি ভাড়া চাচ্ছি।’

বৈশ্বিক জ্বালানিসংকটের মধ্যে এবার দেশের ইতিহাসে জ্বালানি তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গতকাল শনিবার রাতে জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রতি লিটার ডিজেলের দাম ১১৫ টাকা, কেরোসিন ১৩০ টাকা, অকটেন ১৪০ টাকা ও পেট্রলের দাম ১৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ থেকে কার্যকর হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন