বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, বাড়ছে রুপার দামও

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ১১:৪৫ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

আন্তর্জাতিক বাজারে টানা তৃতীয় দিনের মতো বেড়েছে স্বর্ণের দাম। মার্কিন ডলারের দর দুর্বল হওয়া এবং তেলের দাম কমে আসায় নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বেড়েছে। একই সঙ্গে রুপা, প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের দামও ঊর্ধ্বমুখী রয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৫ আগস্ট) স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ দশমিক ৩ শতাংশ বেড়ে ৪ হাজার ১২৭ দশমিক ৪০ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে মার্কিন গোল্ড ফিউচারের দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৪ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকদের মতে, ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য মুদ্রাধারীদের কাছে স্বর্ণ তুলনামূলকভাবে আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। পাশাপাশি তেলের দাম কমে আসায় মুদ্রাস্ফীতির চাপ কিছুটা কমার সম্ভাবনা তৈরি হয়েছে, যা সুদের হার নিয়ে বাজারের উদ্বেগও হ্রাস করেছে।

এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নিরসনে কূটনৈতিক তৎপরতার খবর এলেও পরিস্থিতি এখনো অনিশ্চিত। কাতার মধ্যস্থতার অগ্রগতির কথা জানালেও তেহরান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আলোচনা শুরুর দাবি প্রত্যাখ্যান করেছে।

ওএএনডিএর সিনিয়র মার্কেট অ্যানালিস্ট কেলভিন ওং বলেন, তেলের দাম ও স্বর্ণের মধ্যে এখনও শক্তিশালী সম্পর্ক রয়েছে। উত্তেজনা কমানোর বিষয়ে স্পষ্ট অগ্রগতি হলে স্বর্ণের বাজারে আরও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

বাজারসংশ্লিষ্টদের ধারণা, আগামী ১৫-১৬ সেপ্টেম্বরের বৈঠকে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমে ৫৯ শতাংশে নেমে এসেছে, যা আগের দিন ছিল ৬৭ শতাংশ। যদিও স্বর্ণকে মূল্যস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে ধরা হয়, তবে উচ্চ সুদের হার এর আকর্ষণ কিছুটা কমিয়ে দেয়।

ফেডারেল রিজার্ভ ব্যাংক অব ফিলাডেলফিয়ার প্রেসিডেন্ট আনা পলসন জানিয়েছেন, ভবিষ্যৎ আর্থিক নীতি নির্ধারণে সব ধরনের সম্ভাবনা বিবেচনায় রাখা হচ্ছে এবং প্রয়োজনে সুদের হার আরও বাড়ানো হতে পারে।

এদিকে বিনিয়োগকারীদের নজর এখন যুক্তরাষ্ট্রের এডিপি কর্মসংস্থান প্রতিবেদন এবং শুক্রবার প্রকাশিতব্য জুলাই মাসের কর্মসংস্থান তথ্যের দিকে। টিডি সিকিউরিটিজের বিশ্লেষকদের ধারণা, স্বর্ণের দাম আপাতত বর্তমান সীমার মধ্যেই ওঠানামা করতে পারে।

স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে প্রতি আউন্স রুপার দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে ৬০ দশমিক ৬৪ ডলারে, প্ল্যাটিনামের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ১ হাজার ৭৫৮ দশমিক ৩৫ ডলারে এবং প্যালাডিয়ামের দাম ০ দশমিক ৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৬৫ দশমিক ৬২ ডলারে পৌঁছেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন