রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে বাড়লো স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৭:৫৬ এএম
স্বর্ণের গয়না
expand
স্বর্ণের গয়না

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তেলের দাম কমে যাওয়া, আগামী সপ্তাহে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক (ফেড) সুদের হার নিয়ে কী সিদ্ধান্ত নেয় এবং মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে মুদ্রাস্ফীতির সম্ভাব্য প্রভাব-এসব বিষয়কে সামনে রেখে বিনিয়োগকারীরা সতর্ক অবস্থানে থাকায় স্বর্ণের দামে এ ঊর্ধ্বগতি দেখা গেছে।

শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টা ১০ মিনিটে স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণের দাম ০ দশমিক ১ শতাংশ বেড়ে ৪ হাজার ৫২ দশমিক ৭৮ ডলারে ওঠে।

একই সময়ে আগস্ট ডেলিভারির জন্য মার্কিন গোল্ড ফিউচারসের দাম ০ দশমিক ৫ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ৮০ ডলারে স্থির হয়।

বার্তা সংস্থা রয়টার্সকে মূল্যবান ধাতু বিশ্লেষক তাই ওং বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির অবনতি হলে স্বর্ণবাজারে আবারও অস্থিরতা দেখা দিতে পারে। তবে আগামী সপ্তাহে মার্কিন ফেড সুদের হার অপরিবর্তিত রাখলে স্বর্ণের দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সুযোগ তৈরি হতে পারে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান-সংক্রান্ত সংঘাত শুরুর পর থেকে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ২৩ শতাংশ কমেছে। যুদ্ধজনিত মুদ্রাস্ফীতির চাপ দীর্ঘ সময় সুদের হার উচ্চ পর্যায়ে রাখতে পারে-এমন আশঙ্কায় বিনিয়োগকারীদের মধ্যে সতর্কতা বেড়েছে।

বিশ্লেষকদের মতে, মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণকে বিবেচনা করা হলেও সুদের হার বেশি থাকলে সুদবিহীন সম্পদ হওয়ায় স্বর্ণের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ কিছুটা কমে যায়।

অন্য মূল্যবান ধাতুগুলোর মধ্যে প্রতি আউন্স রুপার দাম ০ দশমিক ৮ শতাংশ বেড়ে ৫৮ দশমিক ১১ ডলারে দাঁড়িয়েছে। তবে প্ল্যাটিনামের দাম ০ দশমিক ৮ শতাংশ কমে ১ হাজার ৫৮৭ দশমিক ১৭ ডলার এবং প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৪ শতাংশ কমে ১ হাজার ২৩৯ দশমিক ২০ ডলারে নেমে এসেছে।

এদিকে দেশের বাজারে বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন