মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হাজার কোটি টাকা লেনদেনে দিন শেষ ডিএসই’র

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০২ জুন ২০২৬, ০৬:৩৯ পিএম
ডিএসই লোগো।
expand
ডিএসই লোগো।

টানা ৭ দিনের দীর্ঘ ছুটি শেষে দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা অব্যাহত রয়েছে। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে হাজার কোটি টাকা ছাড়িয়েছে দেশের প্রধান পুঁজিবাজারঢিাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিকে ছুটির আগে টানা পাঁচ কার্যদিবস ঊর্ধ্বমুখী থাকার পর ঈদের পরও টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে। ঈদের পর দ্বিতীয় কার্যদিবসেও অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় মূল্যসূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মিলেছে।

আজ দ্বিতীয় কার্যদিবস মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৮০ কোটি টাকার বেশি। এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বাড়ায় মূল্যসূচকও বেড়েছে। এর মাধ্যমে টানা সাত কার্যদিবস শেয়ারবাজারে ঊর্ধ্বমুখিতার দেখা মিললো।

এদিন ডিএসইতে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখিতার দেখা মেলে। লেনদেনের শেষ পর্যন্ত এ ধারা অব্যাহত থাকে। এতে দাম বাড়ার তালিকা বড় হওয়ার পাশাপাশি মূল্যসূচক বেড়েই দিনের লেনদেন শেষ হয়।

দিনের লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ২৩০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১১৬টির এবং ৪৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

এদিকে, ভালো কোম্পানি বা ১০ শতাংশ অথবা তার বেশি লভ্যাংশ দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১১৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে ৫৯টির দাম কমেছে এবং ২৪টির দাম অপরিবর্তিত রয়েছে। মাঝারি মানের বা ১০ শতাংশের কম লভ্যাংশ দেওয়া ৫০টি কোম্পানির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ২২টির এবং ২টির দাম অপরিবর্তিত রয়েছে।

বিনিয়োগকারীদের লভ্যাংশ না দেওয়ার কারণে ‘জেড’ গ্রুপে স্থান হওয়া কোম্পানিগুলোর মধ্যে ৬৫টির শেয়ার দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৩৫টির এবং ২০টির দাম অপরিবর্তিত রয়েছে। আর তালিকাভুক্ত মিউচুয়াল ফান্ডগুলোর মধ্যে ৮টির দাম বেড়েছে। বিপরীতে ৯টির দাম কমেছে এবং ১৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

দাম বাড়ার তালিকা বড় হওয়ায় ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৩৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৪০৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৮৯ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো ৩০ কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৪৯ পয়েন্টে উঠে এসেছে।

মূল্যসূচক বাড়ার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও বেড়েছে। বাজারটিতে লেনদেন হয়েছে ১ হাজার ৮০ কোটি ৪২ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৯১২ কোটি ৩৮ লাখ টাকা। এ হিসাবে আগের কার্যদিবসের তুলনায় লেনদেন বেড়েছে ১৬৮ কোটি ৪ লাখ টাকা।

এই লেনদেনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে যমুনা ব্যাংকের শেয়ার। কোম্পানিটির ৩৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৮ কোটি ৪৭ লাখ টাকার। ১৯ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে- আরডি ফুড, অগ্নি সিস্টেম, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বিডি থাই ফুড, নাভানা ফার্মা, বিবিএস কেবলস এবং লাভেলো আইসক্রিম।

অন্য পুঁজিবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ১১০ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৭ প্রতিষ্ঠানের মধ্যে ১২৮টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ৫৮টির এবং ৩১টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ২৭ কোটি ১৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৪৭ কোটি ১৫ লাখ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন