বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

দরপতনে শেষ হলো পুঁজিবাজারের সাপ্তাহিক লেনদেন

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬, ০৫:১২ পিএম
লোগো
expand
লোগো

দরপতন বা বাজার সংশোধনের মাধ্যমে শেষ হলো চলতি সপ্তাহের পুঁজিবাজারের লেনদেন। এর আগে গতকাল বুধবার দেশের পুঁজিবাজারে বড় উত্থান হয়েছিল। তার আগের দুই কার্যদিবসও উত্থান দিয়ে শেষ হয়েছিল দিনের লেনদেন।

টানা তিনদিন উত্থান শেষে বৃহস্পতিবার (৯ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) অধিকাংশ শেয়ার ও ইউনিটে দরপতন হয়েছে। এতে কমেছে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকও। আর লেনদেনেও ভাটা পড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ সকাল ১০টায় লেনদেনের শুরুতেই অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম নিম্নমুখী হয়ে পড়ে। দিনের শেষ পর্যন্ত বেশিরভাগ সিকিউরিটিজ দরপতনের তালিকায় থাকে। এতে দিনশেষে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচকেও বড় পতন হয়েছে।

আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭০টির। কমেছে ৩০৬টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে।

বড় সংখ্যায় শেয়ার ও ইউনিটের দাম কমায় ডিএসসির প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে ৫ হাজার ২৫৮ পয়েন্টে উঠেছে। এক্সচেঞ্জটির শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট কমে ১ হাজার ৬৩ পয়েন্টে দাঁড়িয়েছে। আর ৩০টি বাছাই করা শেয়ারের সমন্বয়ে গঠিত ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২ হাজার ২ পয়েন্টে নেমেছে।

বৃহস্পতিবার দিনশেষে ডিএসইতে মোট ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয় ৯৯১ কোটি ৫৯ লাখ টাকা। অর্থাৎ দিনের ব্যবধানে ডিএসইতে লেনদেন কমেছে ২১৪ কোটি ৭৩ লাখ টাকা।

এদিকে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ১৪ হাজার ৭৭৪ পয়েন্টে নেমেছে। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১০৭টির এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ৩১ কোটি ২৭ লাখ টাকা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন