সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শেয়ারবাজারে বড় উত্থান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ০৯:৪৬ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

চলতি সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২ মার্চ) দেশের শেয়ারবাজারে শক্তিশালী উত্থান দেখা গেছে। এদিন প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। এতে এক্সচেঞ্জটির সবগুলো মূল্যসূচক এক শতাংশ বা তার বেশি বেড়েছে।

বাজার সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, সকাল ১০টায় লেনদেন শুরুর পর থেকেই বেশিরভাগ শেয়ার ও ইউনিট ঊর্ধ্বমুখী ধারায় ছিল। দিনশেষে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া ৩৯৪টি সিকিউরিটিজের মধ্যে ৩৪০টির দাম বেড়েছে। বিপরীতে দর কমেছে ৪২টির এবং ১২টির দাম অপরিবর্তিত রয়েছে।

ব্যাপক সংখ্যক শেয়ারের দর বৃদ্ধির ফলে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৫৩৪ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বাড়িয়ে ১ হাজার ৯৯ পয়েন্টে পৌঁছেছে। আর বাছাই করা ৩০টি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৩৬ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সূচকের উত্থানের পাশাপাশি লেনদেনেও সামান্য গতি ফিরেছে। এদিন ডিএসইতে মোট ৭৭৯ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস রোববারের ৭৭৫ কোটি ৫৭ লাখ টাকার তুলনায় কিছুটা বেশি।

অন্যদিকে, দ্বিতীয় শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ–এও ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বাজারটির সার্বিক সূচক সিএএসপিআই ১৪৯ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৫০০ পয়েন্টে দাঁড়িয়েছে। প্রধান সূচক সিএসসিএক্স ৭৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৪৯৯ পয়েন্টে অবস্থান নিয়েছে।

সিএসইতে লেনদেনে অংশ নেওয়া ১৯৭ প্রতিষ্ঠানের মধ্যে ১৪০টির শেয়ারের দাম বেড়েছে, ৪৪টির কমেছে এবং ১৩টির দর অপরিবর্তিত রয়েছে। এদিন বাজারটিতে মোট লেনদেন হয়েছে ১৯ কোটি ৪৫ লাখ টাকা, যা আগের দিনের ১২ কোটি ৭৮ লাখ টাকার তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন