বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগের গুজব

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ জুন ২০২৬, ০৯:৪২ পিএম
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. খুরশীদ আলম ।। ফাইল ছবি
expand
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. খুরশীদ আলম ।। ফাইল ছবি

সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. খুরশীদ আলমের পদত্যাগের খবর ছড়িয়ে পড়লেও ব্যাংক কর্তৃপক্ষ তা নাকচ করেছে। ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন, এ ধরনের তথ্যের কোনো ভিত্তি নেই এবং চেয়ারম্যান স্বাভাবিকভাবেই তার দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটো কার্ড ছড়িয়ে পড়ে, যেখানে খুরশীদ আলমের পদত্যাগের দাবি করা হয়।

তবে ব্যাংকের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত বা নির্দেশনা তাদের কাছে আসেনি।

ব্যাংক-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, বর্তমানে প্রতিষ্ঠানটির কার্যক্রমকে স্বাভাবিক ধারায় ফিরিয়ে আনা এবং গ্রাহকদের আস্থা পুনরুদ্ধারে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সঙ্গে আমানতের নিরাপত্তা নিশ্চিত করা ও আর্থিক ভিত্তি আরও শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমন্বয় করে কাজ চলছে।

এরই অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলমকে ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বুধবার এ বিষয়ে সিদ্ধান্ত নেয়।

এর আগে গত ২৪ মে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মো. খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে চেয়ারম্যানের দায়িত্বে থাকা এম জুবায়দুর রহমান পদত্যাগ করেছিলেন।

তবে নতুন চেয়ারম্যানের নিয়োগের পর থেকেই ব্যাংকটির একটি অংশের গ্রাহক ও কর্মীদের মধ্যে অসন্তোষ দেখা যায়। ‘সচেতন গ্রাহক ফোরাম’ নামে একটি সংগঠনের সদস্যরা রাজধানীর দিলকুশায় অবস্থান কর্মসূচি পালন করে চেয়ারম্যানের পদত্যাগসহ কয়েকটি দাবি উত্থাপন করেন।

এ ছাড়া গত ৮ জুন ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ দুই ঘণ্টার কলম বিরতি পালন করে। পরে আন্দোলনকারীরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি জমা দেন। তাদের দাবির মধ্যে রয়েছে চেয়ারম্যানের পদত্যাগ, পরিচালনা পর্ষদের পুনর্গঠন এবং বিভিন্ন অনিয়মের অভিযোগ তদন্ত।

এ অবস্থায় চেয়ারম্যানের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে গুজব হিসেবে উল্লেখ করে ব্যাংক কর্তৃপক্ষ গ্রাহক ও সংশ্লিষ্টদের বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন