

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে বুধবার (৫ আগস্ট) সরকারি অফিস-আদালত ও জরুরি সেবা ব্যতিরেকে অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকার পাশাপাশি এই ছুটির আওতায় আসছেন দেশের পোশাক কারখানার শ্রমিকরাও।
বিজিএমইএর ছুটির তালিকা ও নির্দেশনা অনুযায়ী জানা যায়, বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) অনুমোদিত ছুটির তালিকা অনুসারে ৫ আগস্ট পোশাক কারখানায় ছুটি থাকছে।
নতুন শ্রম অধ্যাদেশ মোতাবেক প্রতি পঞ্জিকা বছরে শ্রমিকদের ১৩ দিনের মজুরিসহ উৎসব ছুটি মঞ্জুর করার বিধান রয়েছে।
বিধি অনুযায়ী মালিকপক্ষ এই ছুটির দিন ও তারিখ নির্ধারণ করে থাকেন। বিজিএমইএ-এর ২০২৬ সালের সেই নির্ধারিত ১৩ দিনের উৎসব ছুটির তালিকার ভেতরেই বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’-এর এই ছুটি অন্তর্ভুক্ত রয়েছে।
এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির প্রজ্ঞাপন অনুযায়ীও ৫ আগস্ট দিনটি সাধারণ ছুটি হিসেবে নির্ধারিত।
এই দিনটি বুধবার হওয়ায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি বিশেষ অবকাশের সুযোগ তৈরি হয়েছে। কেউ যদি ৫ আগস্টের পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার (৬ আগস্ট) নিজেদের ঐচ্ছিক বা ক্যাজুয়াল ছুটি নেন, তবে সাপ্তাহিক ছুটিসহ মোট টানা ৪ দিনের দীর্ঘ ছুটি কাটানোর সুযোগ পাবেন।
তবে সার্বিক ছুটির এই আদেশের বাইরেও কিছু ব্যতিক্রম রয়েছে। সাধারণ ছুটি ও পোশাক কারখানায় ছুটির ঘোষণা থাকলেও সব খাতের কর্মীরা এই অবকাশের সুযোগ পাচ্ছেন না।
জরুরি সেবা ও জনসেবামূলক প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মীদের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য নয়, বরং তাদের নিজ নিজ দপ্তরের নিয়ম মেনে স্বাভাবিক দায়িত্ব পালন করতে হবে।