বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী তেলের দাম, বাংলাদেশের প্রস্তুতি কি?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২২ জুলাই ২০২৬, ১১:১৩ এএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা নতুন করে বাড়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা স্থাপনা লক্ষ্য করে ইরানের হামলার পর বুধবার (২২ জুন) এশিয়ার বাজারে তেলের দাম বেড়ে যায়।

বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব সরাসরি তেলের সরবরাহ ব্যবস্থার ওপর পড়তে পারে—এমন আশঙ্কাই বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বাড়িয়েছে।

বুধবার লেনদেনে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯২ দশমিক ০৯ ডলারে ওঠে। গত ১১ জুনের পর এটি ছিল সর্বোচ্চ মূল্য।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দামও ১ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৮৫ দশমিক ২৩ ডলারে দাঁড়ায়।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী। যুদ্ধ শুরুর আগে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়ে পরিবহন করা হতো। ফলে এই অঞ্চলে কোনো ধরনের অস্থিতিশীলতা তৈরি হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়।

এদিকে ইরান-যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যকার চলমান যুদ্ধে দেশে যাতে জ্বালানি সংকট তৈরি না হয়, সে লক্ষ্যে বড় ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। জানা গেছে, জরুরি জ্বালানি চাহিদা মেটাতে সরাসরি ক্রয় পদ্ধতিতে এক বৈঠকেই রেকর্ড প্রায় ১৬ লাখ টন ডিজেল আমদানির নীতিগত সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বুধবার (২২ জুলাই) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠেয় অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি এবং সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) জোড়া বৈঠকে এসব প্রস্তাব অনুমোদনের জন্য তোলা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন