সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি সংকট সামলাতে আসছে ‘ফুয়েল পাস’, যেভাবে মিলবে তেল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের চাপ সামাল দিতে সরবরাহ ব্যবস্থায় নতুন নিয়ন্ত্রণ কাঠামো আনতে যাচ্ছে সরকার। এর অংশ হিসেবে কিউআর কোডভিত্তিক ‘ফুয়েল পাস’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট যানবাহনের জন্য নির্দিষ্ট পরিমাণ জ্বালানি বরাদ্দ দেওয়া হবে।

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে এক ব্রিফিংয়ে জ্বালানি বিভাগের মুখপাত্র মুনির হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, জ্বালানির চাহিদা নিয়ন্ত্রণ ও অপ্রয়োজনীয় ব্যবহার কমাতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে মোটরসাইকেলকে এই ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে, কারণ অকটেননির্ভর এই খাতে চাহিদা তুলনামূলক বেশি এবং সাম্প্রতিক সময়ে অতিরিক্ত কেনার প্রবণতাও লক্ষ্য করা গেছে।

তিনি বলেন, নতুন ব্যবস্থায় প্রতিটি নিবন্ধিত যানবাহনের জন্য আলাদা একটি কিউআর কোড থাকবে। নির্ধারিত সময়ের মধ্যে সেই কোড ব্যবহার করে নির্দিষ্ট পরিমাণ জ্বালানি নেওয়া যাবে। একবার জ্বালানি নেওয়ার পর নির্দিষ্ট সময়সীমার আগে আবার নেওয়া যাবে না—ফলে একই যানবাহনের বারবার জ্বালানি নেওয়ার প্রবণতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।

এ জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম বা মোবাইল অ্যাপ তৈরির কাজ চলছে বলেও জানান তিনি। এই ব্যবস্থায় ব্যবহারকারীর তথ্য, যানবাহনের নিবন্ধন, জ্বালানি গ্রহণের সময় ও পরিমাণ—সবকিছু সংরক্ষণ করা হবে। এতে বাজারে চাপ কমানো এবং সরবরাহের সুষম বণ্টন নিশ্চিত করা যাবে বলে আশা করছে সরকার।

তবে সংশ্লিষ্টরা স্বীকার করেছেন, এই ব্যবস্থা বাস্তবায়ন সহজ হবে না। মাঠপর্যায়ে সমন্বয়, প্রযুক্তিগত প্রস্তুতি এবং ব্যবহারকারীদের অভিযোজন—সব মিলিয়ে সময় লাগতে পারে। শুরুতে সীমিত আকারে চালু করে পরে ধাপে ধাপে বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

ফুয়েল পাস ইস্যুর পদ্ধতি সম্পর্কেও ধারণা দেওয়া হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের মাধ্যমে সরাসরি বিতরণের পরিবর্তে কেন্দ্রীয়ভাবে পাস তৈরি করে ফিলিং স্টেশনগুলোর মাধ্যমে সরবরাহ করার পরিকল্পনা রয়েছে, যাতে ভোগান্তি কমানো যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন