

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


টাঙ্গাইলের সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, সাবেক ও বর্তমান শিক্ষক এবং শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে দিনব্যাপী এ আয়োজন মিলনমেলায় রূপ নেয়।
কলেজের মূল ক্যাম্পাসের খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে সকাল থেকেই বিভিন্ন ব্যাচের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। দীর্ঘদিন পর পরিচিত ক্যাম্পাসে ফিরে পুরোনো বন্ধু ও সহপাঠীদের সঙ্গে দেখা, আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন তারা।
বর্ণাঢ্য শোভাযাত্রা এবং পায়রা ও বেলুন উড়িয়ে সুবর্ণজয়ন্তীর আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অনুষ্ঠিত হয় উদ্বোধনী পর্ব। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক এস এম গিয়াসউদ্দিন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও হিসাববিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান মৃদুল চন্দ্র পদ্দার, শুভ্রত কুমার সাহাসহ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষকেরা।
দিনব্যাপী আয়োজনে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা আলাদা দলে মিলিত হয়ে কলেজজীবনের নানা স্মৃতি ভাগাভাগি করেন। কেউ স্মরণ করেন ক্লাসরুমের দিনগুলোর কথা, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের স্মৃতি। দীর্ঘদিন পর শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ায় অনেকের মধ্যে ছিল উচ্ছ্বাস ও আবেগ।
আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। গান, নৃত্যসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা। তাদের পরিবেশনা উপভোগ করেন অনুষ্ঠানে অংশ নেওয়া শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিরা।
আয়োজকেরা জানান, হিসাববিজ্ঞান বিভাগের পাঁচ দশকের পথচলা, শিক্ষক-শিক্ষার্থীদের অবদান এবং বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের পারস্পরিক যোগাযোগ আরও দৃঢ় করতেই সুবর্ণজয়ন্তী ও অ্যালামনাই মিলনমেলার আয়োজন করা হয়।
দিন শেষে অনুষ্ঠানস্থলে ছিল বিদায়ের আবহ। দীর্ঘদিন পর দেখা হওয়া বন্ধু ও সহপাঠীরা আবারও যোগাযোগ রাখার প্রত্যয় নিয়ে ক্যাম্পাস ছাড়েন। পাঁচ দশক পূর্তির এ আয়োজন পুরোনো ও নতুন প্রজন্মের শিক্ষার্থীদের এক জায়গায় এনে সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের দীর্ঘ পথচলার স্মৃতিকে নতুন করে তুলে ধরে।

