রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি-জামায়াত দ্বন্দ্বে বন্ধ নৌকাবাইচ, ১৪৪ ধারা জারি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ পিএম
ছবি: সংগৃহীত
expand

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি ও জামায়াতের পৃথক নৌকাবাইচ আয়োজন নিয়ে দ্বন্দ্বের সৃষ্টি হয়েছে। এর ফলে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ৪ সেপ্টেম্বর থেকে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা জামায়াতে ইসলামী ৪-৫ সেপ্টেম্বর এবং বিএনপি ৭-৯ সেপ্টেম্বর করতোয়া নদীর কালীগঞ্জ ঘাটে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করে। উভয় পক্ষই প্রতিযোগিতায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে প্রধান অতিথি এবং স্থানীয় সংসদ সদস্য জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলামকে বিশেষ অতিথি হিসেবে দাওয়াত করে।

বিএনপি আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতার আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য সেলিম রেজা বলেন, বিএনপির পক্ষ থেকে ৭-৯ সেপ্টেম্বর কালীগঞ্জ ঘাটে ১৭তম নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হঠাৎ করে জামায়াত নেতা জহুরুল ইসলাম পেনু আমাদের মঞ্চের পাশে মঞ্চ তৈরি করে একই ঘাটে ৪-৫ সেপ্টেম্বর নৌকা বাইচ প্রতিযোগিতার প্রস্তুতি শুরু করেন।

উভয় পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ায় প্রশাসন প্রতিযোগিতা বন্ধের ঘোষণা দিয়ে ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

তিনি আরো বলেন, ‘এই প্রতিযোগিতা আমাদের এলাকার ঐতিহ্য। এটা বন্ধ হতে দেওয়া ঠিক হবে না। আমরা সবাই মিলেমিশে প্রতিযোগিতার আয়োজন করার চেষ্টা করছি।’

জামায়াত আয়োজিত নৌকাবাইচ প্রতিযোগিতা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ও পঞ্চকোশী ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম পেনু বলেন, ‘আমরা ৪-৫ সেপ্টেম্বর নৌকাবাইচ প্রতিযোগিতা করার প্রস্তুতি শুরু করেছিলাম। জ্বালানিমন্ত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি হয়তো প্রতিযোগিতায় উপস্থিত হতে পারবেন না। বিষয়টি বুঝতে পেরে আমাদের প্রতিযোগিতা বন্ধের জন্য বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অভিযোগ করা হয়েছে। যে কারণে জামায়াতের পক্ষ থেকেও প্রশাসনে অভিযোগ করা হয়েছে।’

এ বিষয়ে জানতে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার রায়হানুল ইসলামকে মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে এবং খুদে বার্তা পাঠিয়েও কোনো সাড়া পাওয়া যায়নি।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, নৌকাবাইচ প্রতিযোগিতার বিষয়ে দুটি পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ করেছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ওই এলাকায় ১৪৪ ধারা করেছেন। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা প্রশাসক আমিনুল ইসলাম বলেন, বিএনপি ও জামায়াত একই স্থানে পৃথক নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন করেছিল। কোনো পক্ষ প্রশাসনের অনুমতি নেয়নি। উভয় পক্ষ পাল্টাপাল্টি অভিযোগ দেওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কার কথা জানানো হয়েছে। যে কারণে উপজেলা প্রশাসন প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৪ সেপ্টেম্বর থেকে কালীগঞ্জ নৌকা ঘাট এলাকায় ১৪৪ ধারা জারি করেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank