শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৃত্যুর খবর সঠিক নয়, বেঁচে আছে সেই তামান্না

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৬ জুন ২০২৬, ০৫:৩২ পিএম
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহিত।
expand
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি: সংগৃহিত।

সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল শুক্রবার (৫ জুন) একটি সড়ক দুর্ঘটনায় মা-বাবার সঙ্গে মেয়ে তামান্নাও নিহত হয়েছেন বলে সামাজিক মাধ্যম ও কিছু অনলাইন পোর্টালে খবর প্রকাশ করা হয়েছিল। তবে তামান্না জীবিত রয়েছেন এবং আগের তুলনায় অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছেন তার স্বজনরা।

বর্তমানে তামান্না রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলেও পরিবার সূত্রে জানা গেছে।

তামান্নার ফুফাতো ভাই ময়নুল হোসেন বলেন, ‘তামান্না বেঁচে আছে এবং এখন আগের থেকে অনেক ভালো আছে। আমি তামান্নার কাছেই আছি। সে কথা বলছে। অথচ কিছু মিডিয়ায় তার মৃত্যুর খবর প্রকাশ করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর।’

পরিবারের সদস্যরা জানান, তামান্নার চিকিৎসা চলছে এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। এ অবস্থায় যাচাই-বাছাই ছাড়া মৃত্যুর মতো স্পর্শকাতর সংবাদ প্রকাশে তারা উদ্বেগ প্রকাশ করেছেন।

স্বজনদের দাবি, তামান্নার প্রকৃত অবস্থা সম্পর্কে নিশ্চিত না হয়ে কিছু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ভুল তথ্য ছড়িয়ে পড়েছে। তারা সংশ্লিষ্টদের দায়িত্বশীল আচরণ এবং সঠিক তথ্য প্রচারের আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার (৫ জুন) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় বাস ও অটোভ্যানের ভয়াবহ সংঘর্ষে তামান্নার বাবা মোতালেব সরকার (৪০) ও মা ফজিলা খাতুন (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। একই দুর্ঘটনায় প্রাণ হারান অটোভ্যানচালক নুরু (৪৫)।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তামান্নার দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং আগের তুলনায় তার অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank