শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শরীয়তপুরে মানবিক ডাক্তার আব্দুর রাজ্জাকের বদলিকে ঘিরে জনমনে ক্ষোভ 

শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৮ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

শরীয়তপুরের নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জনপ্রিয় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুর রাজ্জাকের আকস্মিক বদলির খবরে নড়িয়াজুড়ে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

গত ৩০ জুলাই স্বাস্থ্য অধিদপ্তর তাকে ভোলা জেলার তজুমদ্দিন উপজেলা হাসপাতালে বদলির আদেশ জারি করে। এই আদেশের পর থেকেই স্থানীয় রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিক এবং সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মহলে তীব্র অসন্তোষ প্রকাশ করছেন।

বিগত দুই বছরে ডা. আব্দুর রাজ্জাক নড়িয়া অঞ্চলের মানুষের কাছে একজন চিকিৎসকের চেয়েও বেশি কিছু হয়ে উঠেছিলেন। দিন কিংবা গভীর রাত—যেকোনো সময়েই রোগীদের সেবায় নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। তার আন্তরিক ব্যবহার এবং মানবিক সেবার কারণে তিনি নড়িয়াবাসীর কাছে 'মানবতার ডাক্তার' হিসেবে সুপরিচিত। সাধারণ রোগীরা তাকে দেখলেই এক ধরণের মানসিক স্বস্তি পেতেন।

স্থানীয় সচেতন মহল মনে করছেন, ডা. আব্দুর রাজ্জাকের এই বদলি নড়িয়ার চিকিৎসা ব্যবস্থার জন্য একটি অপূরণীয় ক্ষতি। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের চিকিৎসাসেবায় বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে।

ডা. আব্দুর রাজ্জাক শুধু সাধারণ মানুষের কাছেই প্রিয় নন, বরং নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র চিকিৎসকদের কাছেও তিনি এক অনন্য অনুকরণীয় আদর্শ। তরুণ চিকিৎসকদের কর্মক্ষেত্রে প্রতিনিয়ত উদ্বুদ্ধ করা এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল প্রশংসনীয়। তার চলে যাওয়ার খবরে সহকর্মীদের মাঝেও নেমে এসেছে বিষাদের ছায়া।

নড়িয়াবাসীর দাবি, প্রত্যন্ত অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডা. আব্দুর রাজ্জাকের মতো মানবিক চিকিৎসককে নড়িয়াতেই বহাল রাখা হোক।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন