রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

একই দিনে আদালতে সাতক্ষীরার আলোচিত তিন নজরুল ইসলাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৬:৪৮ পিএম আপডেট : ১১ আগস্ট ২০২৬, ০৬:৫১ পিএম
ছবি : সংগৃহীত।
expand

একই দিনে আদালতের দ্বারস্থ হয়েছেন সাতক্ষীরার আলোচিত তিন নজরুল ইসলাম। তাদের মধ্যে একজন উচ্চ আদালত থেকে জামিন পেলেও অন্য দুজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

তিনজনের মধ্যে রয়েছেন সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. নজরুল ইসলাম এবং শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, যিনি হাজী নজরুল নামে পরিচিত।

সংসদ সদস্য গাজী নজরুলের জামিন

রাজধানীর পল্লবী থানায় গত ২২ জুলাই গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে একটি মামলা করা হয়। এক তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় তার মামা বাদী হয়ে মামলাটি করেন।

মামলায় অনৈতিক সম্পর্কের প্রতিবাদ এবং ভিডিও ফাঁসের সঙ্গে জড়িত সন্দেহে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়। এ ঘটনার পর গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে জামায়াত।

গ্রেপ্তারের আশঙ্কায় উচ্চ আদালতে জামিনের আবেদন করেন তিনি। সোমবার বিকেলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

হত্যা মামলায় কারাগারে মো. নজরুল

একই দিনে সাতক্ষীরার আদালতে হাজির করা হয় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামকে। সদর থানায় করা পাঁচটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

২০১৪ সালে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীদের ‘ক্রসফায়ারের’ নামে হত্যার নির্দেশ ও মদদ দেওয়ার অভিযোগে সম্প্রতি এসব মামলা করা হয়।

সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাশ মণ্ডলের আদালতে তাকে হাজির করা হলে শুনানি শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলাগুলোর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৯ অক্টোবর।

আদালত প্রাঙ্গণে এ সময় মো. নজরুল ইসলামের পরিবারের সদস্যদের দেখা যায়। পুলিশের পাহারায় তাকে আদালত ভবন থেকে বের করে গাড়িতে তোলা হয়। গাড়িতে ওঠার আগে তিনি উপস্থিত লোকজনের দিকে হাত নাড়েন। এ সময় কয়েকজন স্বজনকে কান্নাকাটি করতে দেখা যায়।

হাজী নজরুলের জামিনও নামঞ্জুর

অন্যদিকে উচ্চ আদালত থেকে পাওয়া ছয় সপ্তাহের জামিনের মেয়াদ শেষ হওয়ায় সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হন বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম ও তার সহযোগী বিশ্বজিৎ মণ্ডল।

পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্পে চাঁদাবাজি, হামলা ও হুমকির অভিযোগে করা মামলায় তাঁরা জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত তাঁদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী পবিত্র কুমার বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের কাজে চাঁদাবাজি ও বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় আসামিদের জামিনের বিরোধিতা করা হয়। শুনানি শেষে আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank