বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আলোচিত গৃহবধূ গোলাপি হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজন গ্রেফতার

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৯:৫৬ পিএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

কুড়িগ্রামের রৌমারীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে আলোচিত গৃহবধূ গোলাপি খাতুন হত্যা মামলার প্রধান আসামিসহ তিনজনকে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৫ আগস্ট) র‌্যাব-১৩ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি মো. হাসিনুর রহমান (৪৬), ৩ নম্বর আসামি মো. আব্দুল মতিন (৪৫) এবং ৬ নম্বর আসামি মো. রহমত আলী (৫৫)। তাদের সবার বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলার বাওয়াইর এলাকায়।

রংপুর র‌্যাব জানায়, নিহত গোলাপি খাতুনের সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বিরোধের নিষ্পত্তি না হওয়ায় তিনি কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন। ওই মামলার শুনানির তারিখ ছিল গত ২৯ জুলাই।

তদন্তে জানা যায়, গত ২৬ জুলাই মামলার ২ নম্বর আসামি হেলাল মিয়া জমির বিরোধ মীমাংসার কথা বলে মোবাইল ফোনে গোলাপি খাতুনকে তাদের বাড়িতে ডেকে নেন। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। পরে ৩০ জুলাই রৌমারী উপজেলার পুরাতন যাদুরচর এলাকার একটি ডোবার পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে ৩০ জুলাই রৌমারী থানায় ১১ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর অভিযুক্তরা আত্মগোপনে চলে যান।

র‌্যাব জানায়, মামলাটির গুরুত্ব বিবেচনায় র‌্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-১৩, রংপুর এবং র‌্যাব-৪, সিপিসি-২, সাভার ক্যাম্পের যৌথ আভিযানিক দল বুধবার দুপুর ১২টার দিকে ঢাকার সাভারের দক্ষিণ রাজাশান এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামি হাসিনুর রহমানকে গ্রেফতার করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে বিকেল ৩টার দিকে সাভারের আইচানোয়াদ্দা এলাকায় অভিযান চালিয়ে অপর দুই আসামি আব্দুল মতিন ও রহমত আলীকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন