সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহীর পদ্মায় ডিঙ্গি নৌকাডুবি, বাবা-ছেলে নিখোঁজ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৫:০৩ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand

রাজশাহীর পদ্মা নদীতে একটি ডিঙ্গি নৌকা ডুবে বাবা-ছেলেসহ দুই ব্যক্তি নিখোঁজ হয়েছেন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান শুরু করলেও সংবাদ লেখা পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন শ্যামপুর বালিরঘাট এলাকার বাসিন্দা কাফসার (৬০) এবং তার ছেলে জিয়ারুল (৪০)।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর আনুমানিক দেড়টার দিকে রাজশাহী মহানগরীর বড়কুঠি সংলগ্ন পদ্মা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, দিনভর কাজ শেষে আটজন শ্রমিক একটি ডিঙ্গি নৌকায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। নৌকাটি নদীর মাঝামাঝি পৌঁছালে প্রবল স্রোতের মুখে ভারসাম্য হারিয়ে ডুবে যায়। এ সময় নৌকায় থাকা ছয়জন সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হলেও কাফসার ও তার ছেলে জিয়ারুল নদীর পানিতে তলিয়ে নিখোঁজ হন।

খবর পেয়ে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। একই সঙ্গে উদ্ধারকর্মীরা নৌকা নিয়ে নদীর বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছেন। তবে বিকেল পর্যন্ত নিখোঁজ দুইজনের সন্ধান মেলেনি।

নিখোঁজ কাফসারের স্ত্রী জানান, প্রতিদিনের মতোই কাজ শেষে তারা বাড়ি ফিরছিলেন। কিন্তু নদীর মাঝপথে তীব্র স্রোতের কারণে নৌকাটি ডুবে যায়। এরপর থেকে তার স্বামী ও ছেলে নিখোঁজ রয়েছেন। তিনি দ্রুত তাদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানান।

এদিকে, রাজশাহীতে থেমে থেমে বৃষ্টি হওয়ায় উদ্ধার অভিযানে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের অন্যান্য সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে তল্লাশি অব্যাহত রেখেছেন।

রাজশাহী ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. মঞ্জিল হক গণমাধ্যমকে বলেন, স্থানীয়দের কাছ থেকে দুইজন নিখোঁজ থাকার তথ্য পাওয়া গেছে। বিষয়টি যাচাই করে ছয় সদস্যের একটি ডুবুরি দল উদ্ধার অভিযান পরিচালনা করছে। নিখোঁজদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলমান থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank