

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রাজশাহীর ই-কমার্স প্রতিষ্ঠান ‘ম্যাঙ্গো লাভার’-এর অফিসে এক তরুণীকে (২১) ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তরুণী পবা থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি ম্যাঙ্গো লাভারের স্বত্বাধিকারী মুরাদ পারভেজ (৩২) ও তার বন্ধু শের আলী দুলাল (৩৬)-এর নাম উল্লেখ করেছেন।
অভিযোগকারী তরুণীর বাড়ি জয়পুরহাটে। তিনি রাজশাহীর একটি কলেজের শিক্ষার্থী। আর শের আলী দুলালের বাড়ি ঢাকার উত্তরায়।
গত ২১ জুলাই পবা থানায় দেওয়া লিখিত অভিযোগে তরুণী উল্লেখ করেন, পূর্বপরিচিত শের আলী দুলালের সঙ্গে তার বিয়ের আলোচনা চলছিল। ওই দিন বিয়ের উদ্দেশ্যে শের আলী ঢাকা থেকে রাজশাহী আসেন। পরে তিনি, তরুণী এবং তার ছোট বোন মিলে বিয়ের কেনাকাটা করেন।
এরপর তারা পবা উপজেলার নওহাটা বাজারে অবস্থিত ম্যাঙ্গো লাভারের অফিসে যান। অভিযোগ অনুযায়ী, সেখানে একটি কক্ষে নিয়ে শের আলী বিয়ের আগেই তাকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় দেনমোহরের টাকা তুলতে মুরাদ পারভেজ একটি এটিএম বুথে গিয়েছিলেন।
অভিযোগে আরও বলা হয়, মুরাদ পারভেজ ফিরে আসার পর শের আলী বিয়ে করবেন না বলে জানিয়ে কৌশলে সেখান থেকে চলে যান। এরপর মুরাদ পারভেজও তাকে ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করেন ওই তরুণী।
ভুক্তভোগীর দাবি, ঘটনার সময় তিনি ম্যাঙ্গো লাভারের অফিস থেকেই পরিবারের সদস্যদের ফোন করেন। তারা সেখানে পৌঁছালে মুরাদ পারভেজও সেখান থেকে চলে যান। পরে স্থানীয় লোকজন ও পবা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে।
তবে অভিযোগ অস্বীকার করেছেন ম্যাঙ্গো লাভারের স্বত্বাধিকারী মুরাদ পারভেজ। তার দাবি, বন্ধু শের আলী দুলাল ওই তরুণীকে বিয়ে করতে রাজশাহী এসেছিলেন। কিন্তু পরে তরুণীর টিকটক কার্যক্রম সম্পর্কে জানতে পেরে বিয়ের সিদ্ধান্ত থেকে সরে আসেন। এতে ক্ষুব্ধ হয়ে তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে।
মুরাদ পারভেজ বলেন, ধর্ষণের চেষ্টার কোনো ঘটনা ঘটেনি। অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা।
পবা থানার উপপরিদর্শক (এসআই) আশিকুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সম্ভব নয়।