মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজবাড়ীতে নৌকা বাইচ দেখতে দর্শনার্থীদের ঢল

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ পিএম
ছবি: সংগৃহীত
expand

রাজবাড়ীর বালিয়াকান্দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা।

সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদিয়া যুব সমাজের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

আয়োজক কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে নৌকা বাইচের উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। প্রতিযোগিতায় বিভিন্ন স্থান থেকে আসা ছয়টি সুসজ্জিত নৌকা অংশ নেয়। বাদ্যযন্ত্রের তালে তালে মাঝি-মাল্লারা জারি-সারি ও লোকগীতি গেয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে কয়েক হাজার দর্শনার্থী উপস্থিত হন। এ সময় সবার মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।

প্রতিযোগিতায় বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়-হিজলি গ্রাম থেকে আসা ‘বাংলার দুলদুল’ প্রথম স্থান অধিকার করে। জামালপুর ইউনিয়নের ‘আব্দুল মান্নানের নৌকা’ দ্বিতীয় এবং রাসেল ফকিরের নৌকা তৃতীয় স্থান অর্জন করে।

পরে প্রথম স্থান অধিকারী নৌকার মাঝিদের ফ্রিজ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী নৌকার মাঝিদের টেলিভিশন পুরস্কার দেওয়া হয়।

প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, গ্রাম বাংলার এই ঐতিহ্য হারিয়ে যেতে বসেছে। এখানে এসে সত্যি আমার খুব ভালো লেগেছে। বিলের মধ্যে এত দর্শনার্থী নৌকা বাইচ দেখতে আসছেন। জেলার ইতিহাস-ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank