শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধুর বিয়েতে দাওয়াত না পেয়ে অন্য বন্ধুদের বিক্ষোভ মিছিল 

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১৫ মে ২০২৬, ০৭:২৩ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

“টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি”- এমন ব্যতিক্রমী স্লোগানকে সামনে রেখে বন্ধুর বিয়েতে দাওয়াত না পাওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন একদল তরুণ।

শুক্রবার (১৫ মে) বিকেলে ঢাকা–খুলনা মহাসড়কের রাজবাড়ীর দৌলতদিয়া মডেল হাই স্কুলের সামনে এ বিক্ষোভ মিছিল করেন গোয়ালন্দ উপজেলার এসএসসি ব্যাচ–১৫ এর বন্ধুরা।

এসময় তারা ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সড়কের পাশে অবস্থান নেন এবং বিভিন্ন হাস্যরসাত্মক স্লোগান দেন। তাদের স্লোগানের মধ্যে ছিল— “ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, শাকিলের বাসর ঘর”, “মানি না, মানবো না, শাকিলের গোপন বিয়ে” ইত্যাদি।

বন্ধু আশিক জানান, দীর্ঘদিন ধরে শাকিল শেখ বন্ধুদের বিয়েতে দাওয়াত দেওয়ার আশ্বাস দিয়ে আসছিলেন। কিন্তু শেষ পর্যন্ত বিয়ে করলেও বন্ধুদের কাউকেই দাওয়াত দেননি। এতে বন্ধু মহলে অভিমান ও ক্ষোভের সৃষ্টি হয়। পরে সবাই মিলে প্রতীকী বিক্ষোভ মিছিল করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, “বিয়ের খবর গোপন রাখায় আমরা কষ্ট পেয়েছি। তাই বন্ধুরা এক হয়ে প্রতিবাদ জানিয়েছি।”

বিক্ষোভ মিছিলটির প্রধান আয়োজক আয়নাল আহসান বলেন, গোয়ালন্দ উপজেলার এসএসসি–১৫ ব্যাচের বন্ধুদের মধ্যে দীর্ঘদিনের আন্তরিক সম্পর্ক রয়েছে। সবাই নিয়মিত যোগাযোগ রাখলেও হঠাৎ করে তাদের বন্ধু দৌলতদিয়া ইউনিয়নের নুরু মন্ডলের পাড়া এলাকার বাসিন্দা শাকিল শেখ বিয়ে করে ফেলেন। বৃহস্পতিবার অনুষ্ঠিত ওই বিয়ের অনুষ্ঠানে বন্ধুদের দাওয়াত না দেওয়ায় তারা এই ব্যতিক্রমী প্রতিবাদের আয়োজন করেন।

তবে অভিমান থাকলেও নবদম্পতির সুখ ও সুন্দর দাম্পত্য জীবনের জন্য দোয়া করেছেন বন্ধুরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup