

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ হাসিবুল হাসান এর দ্রুত হস্তক্ষেপে দীর্ঘ ১২ দিন পর বিদ্যুৎ সংযোগ ফিরে পেয়েছে ৭টি অসহায় পরিবার।
একই সাথে বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অপরাধে অভিযুক্ত প্রধান ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে গত ২৭ আগস্ট সন্ধ্যায় উপজেলার নদমূলা গ্রামে ফজলুল হক সেপাই (৬২), তার ছেলে লিয়াকত হোসেন সেপাই এবং সহযোগী জলিল হাওলাদার মিলে একই গ্রামের জাকির সেপাই, আয়শা বেগম, শামীম সেপাই, সৈয়দ সেলিম, ইউনুচ সেপাই, আবদুস ছালাম সেপাই ও শহিদুজ্জামান এই ৭টি পরিবারের বসতঘরের বিদ্যুৎ মিটারের সংযোগ তার কেটে দেয়। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বাধা দিতে গেলে তাদের খুন-জখমের হুমকি দেওয়া হয়।
ঘটনার পর ভুক্তভোগী পরিবারের পক্ষে কুলসুম বেগম ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হাসান সোমবার রাতে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত বিদ্যুৎ আইন, ২০১৮-এর ৩৯/২ ধারা অনুযায়ী ঘটনার প্রধান অভিযুক্ত ফজলুল হক সেপাইকে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে ওই রাতেই বিচ্ছিন্ন হওয়া ৭টি পরিবারের বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন করা হয়। দীর্ঘ ১২ দিন পর ঘরে বিদ্যুৎ ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।


