শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়ি পেটা, গ্রেপ্তার ২

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০৬:০১ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

পটুয়াখালীর কুয়াকাটায় দৈনিক দেশ রূপান্তরের প্রতিনিধি সাংবাদিক কে এম বাচ্চুর ওপর হাতুড়ি দিয়ে হামলার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় এবং মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার দুজন হলেন কুয়াকাটা পৌর যুবদলের সহ-সাধারণ সম্পাদক শহিদ সিকদার এবং ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি নাসির হাওলাদার।

পরিবার ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৪ জুলাই রাত সাড়ে ১১টার দিকে কুয়াকাটা মেরিন ড্রাইভ সড়কে হোটেল সৈকতের কাছে একা থাকা অবস্থায় একদল দুর্বৃত্ত পরিকল্পিতভাবে বাচ্চুর ওপর হামলা চালায়। হাতুড়ির আঘাতে মাথা ও পায়ে গুরুতর জখম হন তিনি।

স্থানীয়রা প্রথমে তাকে কুয়াকাটা হাসপাতালে, পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এবং শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যান।

পরিবারের ভাষ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে এক তরুণীকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে বায়েজিদ শিকদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করার পর থেকে বাচ্চু নানাভাবে হুমকির শিকার হচ্ছিলেন। সরকারি জমি থেকে গাছ কাটা ও দুর্নীতি নিয়ে ধারাবাহিক প্রতিবেদনের কারণেও অভিযুক্তরা তার ওপর ক্ষুব্ধ ছিলেন বলে পরিবারের দাবি।

এজাহারে হামলাকারী হিসেবে বায়েজিদ শিকদার রানা, শহিদ সিকদার, হারুন মুসল্লিসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।

কুয়াকাটা পৌর যুবদলের সভাপতি সৈয়দ মো. ফারুক বলেন, বিষয়টি কেন্দ্রীয় কমিটিকে জানানো হয়েছে, তবে জেলা কমিটি না থাকায় তাৎক্ষণিক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায়নি।

কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান হাওলাদার বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের দল প্রশ্রয় দেয় না; অভিযোগ প্রমাণিত হলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার জানান, মামলা হওয়ার পরপরই অভিযান শুরু হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন