বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
১৭ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বৈশাখ উদযাপনের চাঁদা না দেওয়ায় দোকানে হামলা

পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

পহেলা বৈশাখ উদযাপনের জন্য চাঁদা না দেওয়ায় পটুয়াখালীতে একটি মুরগির দোকানে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে স্থানীয় মৎস্যজীবী দলের দুই নেতাসহ কয়েকজনের বিরুদ্ধে।

এ ঘটনায় দোকান মালিক খোকন মল্লিক (৪৪) মারধর ও চাপাতির আঘাতে গুরুতর জখম হয়েছেন। বর্তমানে তিনি পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে সদর থানা সংলগ্ন জেলা পুলিশ ক্লাব মার্কেটে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে স্থাপিত সিসিটিভি ক্যামেরায় হামলার দৃশ্য ধারণ হয়েছে, যা ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে।

ভুক্তভোগী খোকন মল্লিকের অভিযোগ, জেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল গাজী (৪৫) ও সদর উপজেলা মৎস্যজীবী দলের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম (৩৮)-সহ তাঁদের সহযোগীরা পহেলা বৈশাখ উদযাপনের নামে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।

তিনি তা দিতে অস্বীকৃতি জানান এবং এড়িয়ে চলার চেষ্টা করেন। গতকাল দুপুরে ফোনে পুনরায় চাঁদা দাবি করার কিছুক্ষণ পরেই বাবুল গাজী, শামীম, মনির (৪৫), সাইফুল ইসলামসহ ১০ থেকে ১২ জন তাঁর দোকানে হামলা চালায়।

কিল-ঘুষির পাশাপাশি বাবুল গাজী চাপাতি দিয়ে খোকনের বাম হাতে গুরুতর আঘাত করেন বলে অভিযোগ। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেন।

খোকন মল্লিক জানান, এই একই ব্যক্তিরা ২০২৪ সালের ৫ আগস্ট তাঁর ওষুধের দোকানেও হামলা চালিয়েছিল। পরে তারা গোপনে বৈঠক করে মাসিক চাঁদা নেওয়ার 'চুক্তি' করে। নিজের ও পরিবারের নিরাপত্তার কথা ভেবে বাধ্য হয়ে চাঁদা দিতেন বলে জানান তিনি। তাঁর দাবি, এ পর্যন্ত সাত থেকে আট লাখ টাকা আদায় করা হয়েছে তাঁর কাছ থেকে।

অভিযুক্ত বাবুল গাজী দাবি করেন, খোকন মল্লিক বাজারে মৃত মুরগি বিক্রি করেন। এর প্রতিবাদ করতে গেলে উল্টো তিনি তাদের ওপর চড়াও হন এবং সংঘর্ষ বাধে।

জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক একেএম শফিকুল ইসলাম (ভিপি শাহিন) বলেন, পহেলা বৈশাখের নামে চাঁদা আদায়ের এমন কোনো কর্মসূচি দল ঘোষণা করেনি এবং এটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তবে রাত ১১টা পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তিনি বলেন, অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ভুক্তভোগী অভিযোগকারী জানিয়েছেন, জড়িতদের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Austria VS Jordan
85'
2 - 1
21' Romano Schmid
76' Yazan Al-Arab
50' Ali Olwan
World Cup