শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বরিশালে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ পিএম
ছবি: সংগৃহীত
expand

বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকের সামনে যাত্রীবাহী তাজবী পরিবহনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও একজন গুরুতর আহত হন।

নিহত আরাফাত রহমান বাবু আশোকাঠী গ্রামের বাসিন্দা এবং বর্তমানে মাহিলাড়া এলাকায় বসবাসরত অবসরপ্রাপ্ত শিক্ষক মো. হানিফ আকনের পালিত ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের আসাদুল ইসলাম (৩১)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে কুয়াকাটাগামী তাজবী পরিবহনটি দুর্ঘটনাস্থলের স্পিড ব্রেকার অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পরিবহনটির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে মোটরসাইকেলের চালক ও আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরাফাত রহমান বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত আসাদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অপরদিকে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে একই মহাসড়কের গৌরনদী উপজেলার কটকস্থল এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন মেহেদী হাসান তুরাগ।

নিহত তুরাগ বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রাজকর এলাকার মৃত আব্দুল গনি হাওলাদারের ছেলে। তুরাগের সঙ্গে থাকা বন্ধু তরিকুল ইসলাম জানান, রাতে তারা চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বাবুগঞ্জের নিজ গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হন। পথে গৌরনদীর কটকস্থল এলাকায় পৌঁছালে মহাসড়কের মাঝখানে থাকা একটি খাদে পড়ে তুরাগের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে তুরাগ গুরুতর আহত হন এবং পরে মারা যান।

গৌরনদী হাইওয়ে থানার এসআই শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবারের দুর্ঘটনায় জড়িত দুটি যানবাহন আটক করা হয়েছে। আর বৃহস্পতিবার রাতে দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করায় সেটি শনাক্ত করা সম্ভব হয়নি। পৃথক দুই দুর্ঘটনার ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank