

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নোয়াখালীর হাতিয়ায় ঝাঁঝালো গন্ধে আবারও অসুস্থ হয়ে পড়েছে জোড়খালী উচ্চবিদ্যালয়ের ২১ শিক্ষার্থী। এদের মধ্যে দশম শ্রেণির এক শিক্ষার্থীর শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে হাতিয়ার বাইরে পাঠানো হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ে আবারও এমন ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে জোড়খালী উচ্চবিদ্যালয়ে ক্লাস চলাকালীন হঠাৎ একের পর এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এ সময় কয়েকজন শিক্ষার্থী জ্ঞান হারিয়ে ফেললে বিদ্যালয়ে আতঙ্কের সৃষ্টি হয়। পরে শিক্ষক ও স্থানীয়দের সহযোগিতায় অসুস্থ ২১ শিক্ষার্থী ও একজন অভিভাবককে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
অসুস্থ শিক্ষার্থীদের স্বজনদের দাবি, বিদ্যালয়ে ছড়িয়ে পড়া অতিরিক্ত ঝাঁঝালো গন্ধের কারণে তারা অসুস্থ হয়ে পড়ে। একপর্যায়ে দশম শ্রেণির এক শিক্ষার্থীর মুখ দিয়ে লালা বের হতে থাকলে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে হাতিয়ার বাইরে পাঠানো হয়।
ঘটনার খবর পেয়ে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছুটে যান হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন। তিনি অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি ঘটনাস্থলও পরিদর্শন করেন।
ওসি মো. কবির হোসেন বলেন, শিক্ষার্থীরা কী কারণে হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে।
উল্লেখ্য, এক সপ্তাহের ব্যবধানে একই বিদ্যালয়ে ফের শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ায় ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকরা ঘটনার প্রকৃত কারণ দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

