মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ফেরির পন্টুন থেকে ১,৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ, আটক ১

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে চোরাইকৃত ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল জব্দ করেছে হাতিয়া থানা পুলিশ। এ ঘটনায় মো. জাবেদ উদ্দিন (৩৫) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় আরও কয়েকজন পালিয়ে গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, থানা এলাকায় বিশেষ অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে নলচিরা ঘাটের ফেরির পন্টুনে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. জাবেদ উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজতে থাকা বৈধ কাগজপত্রবিহীন ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করে জব্দ করা হয়।

জব্দ করা ডিজেলের মধ্যে চারটি বড় টিনের ড্রামে ১৮০ লিটার করে মোট ৭২০ লিটার, ৩০টি নীল রঙের প্লাস্টিকের জ্যারিকেনে ৩০ লিটার করে মোট ৯০০ লিটার এবং নয়টি নীল রঙের প্লাস্টিকের জ্যারিকেনে ২০ লিটার করে মোট ১৮০ লিটার ডিজেল রয়েছে। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা।

এ ছাড়া একটি বড় টিনের ড্রাম থেকে ২০০ লিটার মবিল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা ডিজেল ও মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।

অভিযানকালে শাহেদ উদ্দিন ওরফে তেল শাহেদ (২৮), মো. রিয়াজ উদ্দিন (৩২)**সহ অজ্ঞাতনামা আরও ৩-৪ জন পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় হাতিয়া থানায় ৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এফআইআর নং-৮ ও জিআর নং-২১১ অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০-এর ৩৭৯/৪১১ ধারায় মামলা করা হয়েছে। মামলাটির তদন্তভার এসআই (নিরস্ত্র) শ্রীবাস চন্দ্র দাসের ওপর অর্পণ করা হয়েছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কবির হোসেন বলেন, চোরাইকৃত জ্বালানি তেল উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank